Sylhet Today 24 PRINT

আগুন আতঙ্কে অভিষেক-ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক |  ২৬ অক্টোবর, ২০১৭

বিয়ের আগে মুম্বাইয়ের বান্দ্রার একটি বহুতল ভবনে থাকতেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ওখানকার ১৩ তলার একটি ফ্ল্যাটে থাকেন তার মা বৃন্দা রাই। ‘লা মের’ নামের ওই ভবনে মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে আগুন লেগেছিল।

খবর পেয়েই স্বামী অভিষেক বচ্চনকে নিয়ে ছুটে গেছেন আতঙ্কিত অ্যাশ। তার মায়ের তেমন কোনও ক্ষতি না হলেও আগুন নিয়ে সারাদিন আতঙ্কে ছিলেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে। তাদের সঙ্গে ছিল জলকামানও। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

একই ভবনের বাসিন্দা আদমান প্রহ্লাদ কাক্কার টাইমস নাউ ওয়েবসাইটকে জানান, এখানকার ১০ তলায় থাকেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের শ্বশুর-শাশুড়ি।

বান্দ্রা থানার সহকারী পুলিশ ইন্সপেক্টর সবিতা শিন্ডে জানান, শচীনের আত্মীয়র ফ্ল্যাটের রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। ভবনের কেয়ারটেকারের এমনই ভাষ্য।

২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়ার পর থেকে বচ্চন পরিবারের সঙ্গে জুহুতে থাকেন সাবেক এই বিশ্বসুন্দরী। সম্প্রতি অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক ও মেয়ে আরাধ্যর সঙ্গে মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন তিনি। উপলক্ষ্য ছিল, বিগ বি’র ৭৫তম জন্মদিন।

ঐশ্বরিয়ার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ৪৩ বছর বয়সী এই তারকা এখন ‘ফ্যানি খান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। এতে তার সহশিল্পী অনিল কাপুর ও রাজকুমার রাও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.