Sylhet Today 24 PRINT

বাবার প্রভাব ছাড়াই বলিউডে প্রতিষ্ঠা পেতে চান শাহরুখকন্যা সুহানা

বিনোদন ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০১৭

বাবা বলিউড বাদশা শাহরুখ খান। তার হাত ধরে অভিষেক ঘটিয়ে বলিউড শাসন করছেন দীপিকা পাডুন ও আনুশক শর্মার মতো নায়িকারা। তার ইশারায় অনেকেই পেয়েছেন ক্যারিয়ারের বসন্ত। কিন্তু এমন ক্ষমতাধর বাবার প্রভাবকে এড়িয়ে চলতে চান শাহরুখকন্যা সুহানা খান।

তিনি নিজের যোগ্যতা ও মেধা দিয়ে বলিউডে প্রতিষ্ঠিত হতে চান। তাই বাবার মতোই অভিনয়ে সুযোগ চেয়ে বিভিন্ন অডিশনে অংশ নিচ্ছেন সুহানা। এ কথা কে না জানে, মুম্বাইয়ের নানা প্রযোজনা প্রতিষ্ঠানে অভিনয়ের জন্য অডিশন দিয়ে বেড়াতেন শাহরুখ। অবশেষে হেমা মালিনির চোখে পড়েই চলচ্চিত্রে আসেন এ অভিনেতা। আর জয় করে নেন বলিউড। শাহরুখের মেয়েও তেমনটা চাইছেন।

জুম টিভির খবরে প্রকাশ, চাইলেই বাবার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নামি দামি পরিচালকদের ছবিতে কাজ করতে পারেন সুহানা। বাবার বন্ধু করণ জোহরও যথেষ্ট আগ্রহী সুহানাকে নিয়ে। তবে সুহানা হাঁটছেন পরিশ্রম ও যোগ্যতা প্রমাণের পথে। সে উদ্দেশ্যেই বিভিন্ন অডিশনে নাম লেখাচ্ছেন তিনি। যেখানেই সুযোগ পাচ্ছেন তিনি অংশ নিচ্ছেন।

এদিকে মেয়ের অভিনয়ে আসার প্রতি কোনোরকম আপত্তি নেই শাহরুখ খানের। তার মতে, ‘সুহানার ইচ্ছে রয়েছে অভিনেত্রী হওয়ার এবং আমার এ ব্যাপারে কোনো আপত্তি নেই। সে চেষ্টা করে দেখুক ওর ভাগ্যে কী রয়েছে।’

শাহরুখ খান ও গৌরী সেনের দ্বিতীয় সন্তান সুহানা। বর্তমানে মুম্বাইয়ের ধিরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছেন সুহানা। সামাজিক মাধ্যমেও তার সরব উপস্থিতি। তার ছবি প্রকাশের মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। জনপ্রিয় বাবা-মায়ের বাইরেও নিজের জনপ্রিয়তা আলাদা করে তৈরি করতে পেরেছেন সুহানা। এখন দেখার পালা চলচ্চিত্রে তিনি কতোটা প্রমাণ করতে পারেন নিজেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.