Sylhet Today 24 PRINT

অভিনেত্রী মার্কলকে বিয়ে করছেন প্রিন্স হ্যারি

বিনোদন ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৭

মার্কিন অভিনেত্রী মেগান মার্কলের সঙ্গে ব্রিটেনের প্রিন্স হ্যারির বাগদান সম্পন্ন হয়েছে। সোমবার হ্যারির বাবা প্রিন্স চার্লস এ ঘোষণা দিয়েছেন। হ্যারি-মার্কলের বিয়ে ২০১৮ সালের বসন্তে অনুষ্ঠিত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

৩৩ বছরের হ্যারি ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী এবং ৩৬ বছরের মার্কল যুক্তরাষ্ট্রের আইনবিষয়ক টিভি সিরিয়াল ‘স্যুইটস’-এ অভিনয়ের জন্য পরিচিত। নভেম্বরের শুরুতে দুজনের বাগদান সম্পন্ন হয়।

লন্ডনের বাস ভবন ক্ল্যারেন্স হাউস-এ প্রিন্স চার্লস বলেন, ‘প্রিন্স হ্যারি রানি ও পরিবারের ঘনিষ্ঠজনদের বিষয়টি জানিয়েছে। মার্কলের বাবা-মাকেও জানিয়েছেন এবং তাদের আশীর্বাদ নিয়েছে।’

বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানান, রানি ও এডিনবার্গের ডিউক এই বিয়ের খবরে উচ্ছ্বসিত এবং তাদের সুখী জীবন কামনা করেছেন।

বন্ধুদের মাধ্যমে ২০১৬ সালের জুলাই মাসে হ্যারি ও মার্কলের পরিচয় হয়। এর কয়েক মাস পরেই হ্যারি সংবাদমাধ্যমের কাছে দুজনের সম্পর্কের কথা ঘোষণা দেন। তবে ওই বছর সেপ্টেম্বরের আগ পর্যন্ত তাদের এক সঙ্গে দেখা যায়নি। যুদ্ধাহত সেনাদের সমর্থনে এক খেলার অনুষ্ঠানে টরেন্টোতে দুজন একসঙ্গে প্রকাশ্যে আসেন।

ওই মাসে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনকে মার্কল বলেন, ‘আমরা একে অন্যকে ভালোবাসি। আমরা সুখী। ব্যক্তিগতভাবে আমি ভালোবাসার গল্প পছন্দ করি। এক সময় আমাদের নিয়েও এমন গল্প হবে।’

প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে হ্যারি। এক সময় তিনি পরিবারের সবচেয়ে ‘উচ্ছৃঙ্খল’ ছেলে ছিলেন। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই তিনি গাঁজা ও মদ পান করে মাতাল হতেন বলে নিজেই স্বীকার করেছেন। তবে আফগানিস্তানে সামরিক অভিযানে অংশগ্রহণে পর তার জীবন বদলে যায়।

মার্কল এর আগে বিয়ে করেছিলেন। ওই বিয়েতে বিচ্ছেদে গড়িয়েছে। তিনি বেশ কয়েকটি টিভি ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে চলমান ‘সুইটস’ সিরিজে র্যােচেল জেন চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন।

হ্যারি ও মার্কল উভয়েই মানবাধিকারের পক্ষে সোচ্চার। শিশুদের দাতব্য সংস্থার হয়ে বৈশ্বিক দূত হিসেবে উভয়েই কাজ করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.