Sylhet Today 24 PRINT

জয়ার ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ জয়

বিনোদন ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০১৭

ভারতের ‘বিসর্জন’ ছবিতে অভিনয়ের জন্য ‘জি সিনে অ্যাওয়ার্ডস’ পেলেন বাংলাদেশের জয়া আহসান।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ের বিকে গ্রাউন্ডস-এ অনুষ্ঠিত এই জমকালো আসরে জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মানজনক পুরস্কারটি তুলে দেন তামিল চলচ্চিত্র নির্মাতা অশ্বিনী তিওয়ারি। মুম্বাই থেকে এমনটাই জানালেন উচ্ছ্বসিত অভিনেত্রী জয়া।

তিনি আরও জানান, সেরা অভিনেত্রীর পাশাপাশি কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘বিসর্জন’ ছবিটি পেয়েছে সেরা ছবির পুরস্কারও।

মুম্বাই থেকে জয়া বলেন, ‘এটা এখানকার খুব সম্মানজনক একটি পুরস্কার। পরিচালক কৌশিক গাঙ্গুলীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। এটা শুধু আমার নয়, মনে হয় বাংলাদেশেরই প্রাপ্তি।’

গত দুই বছর ধরে হিন্দি ছবির পাশাপাশি কলকাতার বাংলা ছবিকেও পুরস্কৃত করছে জি সিনে অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, জয়া অভিনীত ‘বিসর্জন’ ছবিটি এর আগে পেয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

অন্যদিকে বাংলাদেশের ‘গেরিলা’, ‘চোরাবালি’ এবং ‘জিরো ডিগ্রী’ ছবিতে অভিনয়ের জন্য তিনি তিন তিনবার সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.