Sylhet Today 24 PRINT

সবাইকে ছাড়িয়ে ফের শীর্ষে সালমান

বিনোদন ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৭

'ফোর্বস' প্রকাশ করেছে ২০১৭ সালের ভারতের সেরা একশো সেলিব্রিটির তালিকা। আর সেখানে গতবছরের মতো এবারও শীর্ষস্থানে রয়েছেন বলিউডের 'ভাইজান' সালমান খান।  

এবছর অবশ্য বদলে গিয়েছে মূল্যায়নের মাপকাঠি। আগে তারকাদের আয় ও জনপ্রিয়তার বিচারে ফোর্বস নিজেদের তালিকা ঠিক করত। এবছর থেকে আয় ও তারকার বয়সকে মাপকাঠি করা হচ্ছে র‍্যাঙ্কিং স্থির করার জন্যে। আর এ সবকিছু বিবেচনায় শীর্ষে রয়েছেন সালমান। তারপর রয়েছেন শাহরুখ খান, বিরাট কোহলি এবং অক্ষয় কুমার। তাঁদের স্থান যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ। গতবছরের তুলনায় উন্নতি হয়েছে শচিন টেন্ডুলকারের। এবার তাঁর র‍্যাঙ্কিং পাঁচ। দশ জনের মধ্যে রয়েছেন আমির খানও।

অভিনেত্রীদের মধ্যে একমাত্র হিসেবে ফোর্বসের প্রথম দশজনের তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। দীপিকা পাড়ুকোন আছেন একাদশ স্থানে। যদিও গতবছর তিনি প্রথম দশজনের মধ্যে ছিলেন। মূলত পদ্মাবতীর মুক্তি না পাওয়া এবং তাকে কেন্দ্র করে বিতর্কের জেরে এই অবনতি হয়েছে, মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রথম পাঁচ তারকার আয় যথাক্রমে ২৩২.৮৩ কোটি টাকা, ১৭০.৫০ কোটি টাকা, ১০০.৭২ কোটি টাকা, ৯৮.২৫ কোটি টাকা এবং ৮২.৫০ কোটি টাকা।  

বাহুবলী ২ খ্যাত প্রভাস রয়েছেন ২২ নম্বর স্থানে। অভিনেত্রী কঙ্গনা রানাউত রয়েছেন ২৬ নম্বরে। আনুশকার শর্মার স্থান ৩২। তবে দক্ষিণে রজনীকান্তের ভক্তদের জন্যে দুঃখের খবর হলো, দক্ষিণী এই সুপারস্টার এবছর ১০০ সেলিব্রিটির তালিকাতেই স্থান পাননি। গত বছর তিনি ছিলেন ৩০ নম্বর স্থানে।

অভিনেত্রীদের মধ্যে কারিনা কাপুর রয়েছেন ৪৭ নম্বর স্থানে, সোনাম কাপুর ও ক্যাটরিনা কাইফের স্থান যথাক্রমে ৫৫ ও ৫৬।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.