Sylhet Today 24 PRINT

তিনদিনে ১০০ কোটির ঘরে ‘টাইগার জিন্দা হ্যায়’

বিনোদন ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০১৭

বলা যায় ঘুরে দাড়িয়েছেন বলিউডের 'ভাইজান' সালমান খান। 'টিউবলাইট' ঠিকঠাক জ্বলেনি। তবে সেই দুঃখ ভুলিয়ে দিচ্ছে 'টাইগার জিন্দা হ্যায়'। মুক্তি পাওয়ার তিন দিনের মধ্যে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ছবিটি।

তিনদিনে ছবির শতকোটি আয় করার ব্যাপারটি নিশ্চিত করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ।

'বলিউড হাঙ্গামা' জানায়, ইতিমধ্যেই ১১৪ কোটি ৯৩ লাখ টাকা রোজগার করে ফেলেছে 'টাইগার জিন্দা হ্যায়'। সালমান খান ও ক্যাটরিনা কাইফের ক্রিসমাস স্পেশাল রিলিজ শুধুমাত্র রোববারই দেশে আয় করেছে ৪৫ কোটি ৫৩ লাখ টাকা। আলি আব্বাস জাফরের এই ছবির আয় বড়দিনেই ১৪৫ কোটি পেরিয়ে যেতে পারে।

বক্স অফিস কালেকশনের দৌড়ে এ বছর যে ছবিগুলো এগিয়ে ছিল, তাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে 'বাহুবলী টু: দ্য কনক্লুশন'। যদিও এই ছবি মুক্তি পেয়েছিল প্রায় ৯ হাজার স্ক্রিনে। সেই তুলনায় 'টাইগার জিন্দা হ্যায়' মুক্তি পেয়েছে প্রায় অর্ধেক স্ক্রিনে।

এবার 'টিউবলাইট'-এর ওপেনিং ডে কালেকশন ছিল প্রায় ২১ কোটি টাকা। 'বাহুবলী টু'-এর কালেকশন ছিল প্রায় ৪০ কোটি। 'গোলমাল এগেইন'-এর কালেকশন ছিল ৩০ কোটি। সেই হিসেবেও 'টাইগার জিন্দা হ্যায়' বেশ এগিয়ে। কারণ প্রথম দিনই এই ছবি প্রায় ৩৬ কোটি টাকা আয় করেছিল।

এ সপ্তাহের মধ্যেই ছবিটি ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলতে পারে। এ বছরের সবচেয়ে রোজগার করা ছবির তালিকাতেও 'টাইগার' ও 'জোয়া' রেকর্ড গড়ার ইঙ্গিত দিচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.