Sylhet Today 24 PRINT

অভিনেত্রী সুপ্রিয়া দেবী মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৮

ভারতীয় বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী সুপ্রিয়া দেবী মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

১৯৩৫ সালের ৮ জানুয়ারি জন্ম সুপ্রিয়া দেবীর। মাত্র ৭ বছর বয়সেই অভিনয় জীবন শুরু করেন তিনি। দীর্ঘ ৫০ বছর ধরে ভারতীয় বাংলা সিনেমা জগতে কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশেও রয়েছে তার অগণিত ভক্ত।

কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ চলচ্চিত্রের নীতা, ‘দেবদাস’ সিনেমার চন্দ্রমুখী, ‘দুই পুরুষ’ সিনেমার বিমলা, ‘বন পলাশীর পদাবলী’ সিনেমার পদ্মা চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে স্থায়ী আসন তৈরি করে নিয়েছেন সুপ্রিয়া দেবী।
উত্তম কুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়সহ অনেকের সঙ্গেই অভিনয় করেছেন তিনি। উত্তম কুমারের সাথে কিছু হিট সিনেমায় কাজ করার পর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে একসাথে বসবাসও করেন।

সুপ্রিয়া দেবীর অভিনয় শুধু ভারত নয়, বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। এই অভিনেত্রীর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনয়শিল্পীর স্বীকৃতি হিসেবে তিনি ভারতের ফিল্মফেয়ার, পদ্মশ্রী, বঙ্গবিভূষণ’সহ একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। ১৯৫৪ সালে সুপ্রিয়া দেবী বিশ্বনাথ চৌধুরীকে বিয়ে করেন এবং পরবর্তীতে তাদের একমাত্র কন্যা সোমা জন্মগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.