Sylhet Today 24 PRINT

কক্সবাজারে হলিউড অভিনেত্রী ইয়ো

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৮

কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেলেন মালয়েশিয়ান তারকা ও হলিউড অভিনেত্রী মিশেল ইয়ো।

সফররত মালয়েশিয়ার সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে শনিবার (২৭ জানুয়ারি) ত্রাণ বিতরণ করেন তিনি। পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা খুবই ‘মর্মান্তিক’ বলে অভিহিত করেন জাতিসংঘ উন্নয়ন সংস্থার শুভেচ্ছাদূত ইয়ে।

বেশ কয়েকটি রোহিঙ্গা আশ্রয় শিবির ও মালয়েশিয়া সরকারের সহযোগিতায় তৈরি হাসপাতাল পরিদর্শন করেন ইয়ো। এ সময় তিনি আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের হাতে শীতবস্ত্র, খাবারসহ নানা ধরনের ত্রাণসামগ্রী তুলে দেন।

ইয়ো বলেন, ‘রোহিঙ্গা জনগোষ্ঠী খুবই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থা কোনভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমাদের এখানে আসাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এদের প্রত্যেকেরই মানবাধিকার রক্ষা করা উচিত।’

ইয়ো ২০১১ সালে ‘দ্য লেডি’ ছবিতে মিয়ানমারের নেত্রী অং সান সু চির ভূমিকায় অভিনয় করেছিলেন। লুক বেসোঁ-র এই বায়োপিক বেশ আলোচিত হয়েছিল। তবে ইয়ো জেমস বন্ড সিরিজে অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিত পান। ১৯৯৭ সালে পিয়ার্স ব্রসনানের সঙ্গে ‘টুমরো নেভার ডাইজ’-এ দেখা যায় তাঁকে।

এ ছাড়া সাবেক এই মিস মালয়েশিয়াকে ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’, ‘মেকানিক: রেজারেকশন’, ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ২’ ইত্যাদি জনপ্রিয় ছবিতে দেখা গেছে। গেল বছর তাঁর অভিনীত সিরিজ ‘স্টার ট্রেক : ডিসকভারি’ জনপ্রিয়তা পায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.