Sylhet Today 24 PRINT

১৬ জুন বাংলাদেশ আসছেন পরিণীতি চোপড়া

বিনোদন ডেস্ক |  ১০ জুন, ২০১৫

ঢাকায় আসছেন বলিউডের এ সময়ের জনপ্রিয় নায়িকা পরিণীতি চোপড়া। তবে কোনো সিনেমার শুটিংয়ে নয়, একটি ফ্যাশন শোতে অংশ নিতে। ১৬ জুন সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের পুষ্পগুচ্ছ মিলনায়তনে অনুষ্ঠেয় ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে থাকবেন তিনি। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান গ্রিন অ্যাপল কমিউনিকেশনস।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সানজিদা লুনা বলেন, ‘ঈদ উপলক্ষে দেশসেরা ডিজাইনারদের পোশাক নিয়ে আমরা একটি ফ্যাশন শোর আয়োজন করছি। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের এক্সক্লুসিভ পোশাক পরে মডেলরা র্যাম্পে হাঁটবেন। এমন একটি বিশেষ আয়োজনে আমরা এই সময়ের খুব জনপ্রিয় একজন অভিনয়শিল্পীকে শো স্টপার হিসেবে খুঁজছিলাম। তখনই পরিণীতি চোপড়ার নামটি মাথায় আসে। কারণ, ইদানীং বেশ কয়েকটি বড় ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে পরিণীতি চোপড়াকে দেখা গেছে। তিনিও বিষয়টি জেনে আমাদের আমন্ত্রণ গ্রহণ করেন।’

১৬ জুন দুপুরে ঢাকায় আসবেন পরিণীতি চোপড়া। এসেই গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রাম নেবেন। রাতের অনুষ্ঠান শেষে পরদিন সকালে আবার মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.