Sylhet Today 24 PRINT

বিকেলে শ্রীদেবীর শেষকৃত্য

সিলেটটুডে বিনোদন ডেস্ক |  ২৮ ফেব্রুয়ারী, ২০১৮

সব জটিলতা অবসাদ ঘটিয়ে অবশেষে মুম্বাইয়ে ফিরল কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মৃতদেহ। মৃত্যুর তিনদিন পর মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে দুবাই থেকে কফিনবন্দি হয়ে মুম্বাইয়ে ফেরেন অভিনেত্রী।

সোমবারই দুবাই পুলিশ শ্রীদেবীর ময়নাতদন্ত আর ফরেনসিক রিপোর্ট তুলে দিয়েছিল সরকারি আইনজীবীর হাতে। এরপর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অনিল আম্বানীর বিমানে দুবাই থেকে রওনা হন বনি কাপুরেরা। রাত সাড়ে ৯টার পরেই মুম্বাই পৌঁছান তারা।

শ্রীদেবীর পরিবার সূত্রে জানানো হয়েছে, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত লোখান্ডওয়ালার সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে নায়িকাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা। দুপুর ২টায় ভিলে পার্লের শ্মশানের উদ্দেশে যাত্রা হবে। সাড়ে ৩টায় অন্ত্যেষ্টি।

অভিনেত্রীর মৃতদেহ দেশে ফেরা নিয়ে এতো দেরি হবে তা শুরুতে বোঝা যায়নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, দুবাইয়ে হাসপাতালের বাইরে যে কোনো মৃত্যুতেই লম্বা তদন্ত চলে, তা সে যত স্বাভাবিক মৃত্যুই হোক।

কিন্তু গত তিনদিন ধরে এই তদন্ত নিয়ে সংবাদমাধ্যমে কম চর্চা হয়নি। হৃদরোগের তত্ত্ব উড়িয়ে দিয়ে তদন্ত রিপোর্টে বাথটাবে ডুবে মৃত্যুর কথা উঠে আসতেই শুরু হয় জল্পনা। এ দিন ‘কেস ক্লোজড’ ঘোষণা করে দুবাই প্রশাসন জানিয়ে দিল, কোনো রহস্য নেই। নিছক দুর্ঘটনাবশতই শ্রীদেবী বাথটাবে পড়ে মারা গেছেন।

দুবাইয়ের সংবাদমাধ্যম জানিয়েছে, তদন্ত শেষের কাগজ হাতে পাওয়ার আধ ঘণ্টার মধ্যে ভারতীয় দূতাবাস কর্তারা এবং বনির ভাইপো সৌরভ কাপুর মর্গে পৌঁছে যান। ৩টা নাগাদ শ্রীদেবীর দেহ চলে যায় মুহাইসনা-র এমবামিং ইউনিটে। ৪টায় সবাই বিমানবন্দরে পৌঁছান।

বিমানে বনির পাশেই ছিলেন তার প্রথম পক্ষের সন্তান অর্জুন কাপুর। বাবার পাশে থাকার জন্য এ দিনই দুবাই চলে এসেছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.