Sylhet Today 24 PRINT

সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ড

বিনোদন ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০১৮

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলিউড অভিনেতা সালমান খানকে। একই সঙ্গে ১০ হাজার রুপি অর্থদণ্ডও দেওয়া হয়েছে এই তারকাকে।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুরে ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর আদালত ২০ বছর আগের এই মামলার রায় ঘোষণা করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মধ্যম টাইমস অব ইন্ডিয়া।

বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৯/৫১ ধারায় দোষী প্রমাণিত হয়েছেন সালমান। এই আইনে সর্বোচ্চ ৬ বছরের কারাদণ্ডের এবং সর্বনিম্ন ১ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন বলিউড তারকা টাবু, নীলম, সোনালি বেন্দ্রে, সাইফ আলি খান।

এনডিটিভি জানিয়েছে, আদালতে রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন সালমান। এসময় কালো রঙের ‘লাকি’ শার্টটি পরেছিলেন তিনি।

এর আগে এই মামলায় বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন সালমান। কিন্তু তার কোনো যুক্তিই এবার আদালতে টেকেনি। যার ফলে নিয়ম অনুযায়ী এখন যোধপুর কারাগারেই যাচ্ছেন ৫২ বছর বয়সী এই অভিনেতা। ২০০৬ সালেও একই কারাগারে পাঁচরাত কাটাতে হয়েছিল তাকে।

উল্লেখ্য, ১৯৯৮ সালের অক্টোবরে যোধপুরে 'হাম সাথ সাথ হ্যায়' ছবির শুটিং চলাকালে কৃষ্ণসার হরিণ হত্যা করার অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। একই অভিযোগ ওঠে সাইফ আলি খান, টাবু, নীলমসহ একাধিক তারকার বিরুদ্ধে।

বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা বন্যপ্রাণী আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। প্রায় দু'দশক ধরে চলে এই মামলা।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.