Sylhet Today 24 PRINT

১৬ লাখ ছাড়ালো সুস্মিতার ‌‘তোমার আকাশ’

বিনোদন ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৮

সঙ্গীতশিল্পী সুস্মিতা আনিসের নতুন গান ‘তোমার আকাশ’ এর ইউটিউব ভিউ ১৬ লাখ ছাড়ালো। গত ১২ ফেব্রুয়ারি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছিল গানটি। বর্তমানে গানটির ভিউ ১৬ লাখ ৩০ হাজারের উপরে।

সুস্মিতা আনিস বলেন, ‘শ্রোতাদের এই ভালোবাসা আমাকে নতুন গান তৈরিতে অনুপ্রেরণা জোগাবে। আমার চেষ্টা ছিল গান দিয়ে সব শ্রেণির শ্রোতার মন যেন ছুঁতে পাই। ধীরে ধীরে আমি শ্রোতার কান থেকে মনে পৌঁছাতে পারছি। যার প্রমাণ এই ১৬ লাখের বেশি মানুষের রেসপন্স।’

সোহেল আরমানের লেখায় গানটি কম্পোজ করেছেন অদিত রহমান। ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু, মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে নেপালের পর্যটন নগরী পোখারার তুষারশুভ্র পাহাড়ি জনপদ ডামপুসে। মিউজিক ভিডিওতে মডেলিং করেছেন তানজিন তিশা ও নেপালের মডেল নারায়ণ ঢাকাল।

সুস্মিতা আনিস নজরুল সঙ্গীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের অনুগত শিষ্যা। তার জন্ম এমন একটি পরিবারে যেখানে সঙ্গীতচর্চা পারিবারিক ঐতিহ্যের অংশ। পড়তে লিখতে শেখার আগেই, সেই ছোটবেলা থেকেই সুস্মিতা আনিসের ফুপু ফিরোজা বেগম তাকে গান শেখাতেন। অত্যন্ত যত্নের সঙ্গে ফিরোজা বেগম তাকে নজরুল ও অন্যান্য সঙ্গীতের শ্রুতি ও চলন শিখিয়েছেন।

বাংলাদেশ টেলিভিশনে শিশু শিল্পী হিসেবে গান গেয়েছেন সুস্মিতা আনিস। তিনি বাংলাদেশ টেলিভিশন আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নতুনকুঁড়ি’- তে ১৯৭৬ সালে নজরুল সঙ্গীতে প্রথম পুরস্কার লাভ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.