Sylhet Today 24 PRINT

সংগীতে অভিষেক হচ্ছে বারীকন্যা এলমা সিদ্দিকীর

বিনোদন ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০১৮

সংগীতে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন লোকগানের স্বনামধন্য কণ্ঠশিল্পী প্রয়াত বারী সিদ্দিকীর একমাত্র কন্যা এলমা সিদ্দিকী।

তার অভিষেক অ্যালবামের শিরোনাম ‘ভালোবাসার পরে’। সপ্তাহখানেক পর এটি আসছে বাংলাঢোলের ব্যানারে। দুটি গান ও মিউজিক ভিডিও নিয়ে আসছেন তিনি।

বারী সিদ্দিকীর জন্য নিয়মিত লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী। এলমার জন্যও দুটি গান লিখেছেন তিনি। এর মধ্যে ‘বারুদমাখা ঘরে’র সুর করেছেন কুমার বিশ্বজিৎ, সংগীতায়োজন করেছেন কিশোর। অন্যদিকে ‘আমি কি আর’ গানটির সুর-সংগীতায়োজন করেছেন যথাক্রমে প্লাবন কোরেশী ও পংকজ।

লন্ডন থেকে গ্রাজুয়েশন শেষ করে দেশে ফিরেছেন এলমা। এখন থেকে শুধু গান নিয়েই থাকবেন। বাবার সান্নিধ্যে থেকে গানের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। খুব সহজে তার গাওয়া গানগুলো কণ্ঠে তুলতে পারতেন এলমা। অ্যালবাম প্রকাশের সন্ধিক্ষণে বাবার কথা মনে পড়ছে তার।

অভিষেক অ্যালবাম প্রসঙ্গে এলমা বলেন, ‘২০১২ সাল থেকে অ্যালবাম করার পরিকল্পনা চলছিলো। বাবা কিংবা আমি এ ব্যাপারে তাড়াহুড়ো করতে চাইনি। বাবা ব্যস্ত ছিলেন। আমিও চাপ দিইনি। স্বতঃস্ফূর্তভাবে কাজটা এগিয়েছে। তিনি বেঁচে থাকলে নিশ্চয়ই আনন্দিত হতেন।’

আরো জানান, লোক গান দিয়ে আত্মপ্রকাশ করলেও ভালো মানের গানে বিশ্বাসী, সেটি যে ঘরানারই হোক না কেন। তার বিশ্বাস ‘ভালোবাসার পরে’ শ্রোতাদের মনে জায়গা করে নেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.