Sylhet Today 24 PRINT

কলকাতায় ‘নায়করাজ রাজ্জাক অ্যাওয়ার্ড’ পেলেন আলমগীর

বিনোদন ডেস্ক |  ০২ মে, ২০১৮

কলকাতার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসিসি) বাংলাদেশের প্রয়াত কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের নামে 'লাইফ টাইম অ্যাওয়ার্ড' পেলেন অভিনেতা আলমগীর হোসেন।

মঙ্গলবার(১ মে) সন্ধ্যায় কলকাতার স্থানীয় একটি হোটেলে জমকালো অনুষ্ঠানে আলমগীরের হাতে এই পুরস্কার তুলে দেন অভিনেত্রী ঋতুপর্ণা এবং শিল্পপতি সঞ্জয় বুধিয়া।

জমকালো অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন, অ্যাওয়ার্ডটি একটু ভিন্ন ক্যাটাগরিতে রাখা হয়েছে। আগামীতে অভিনয়ের নিরিখে শুধু বাংলাদেশ-ভারত নয়, প্রয়োজনে শ্রীলঙ্কা, পাকিস্তানের চলচ্চিত্র জগতের অভিনেতাও পেতে পারেন।

আরও পড়ুন : নায়করাজ রাজ্জাকের নামে অ্যাওয়ার্ড চালু হচ্ছে কোলকাতায়

পুরস্কার হাতে নিয়ে অভিনেতা আলমগীর হোসেন বলেন, আমি দু’টি কারণে গর্বিত। একটি হলো অভিনেতা রাজ্জাকের অ্যাওয়ার্ডটি পেয়ে আমি গর্বিত। অন্যটি একইমঞ্চে আমার খুবই প্রিয় সৌমিত্র দা’কেও (কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়) সম্মাননা দেওয়া হলো। এটাও আমার জন্য বড় পাওয়া। নায়করাজের অ্যাওয়ার্ডটি আমি সৌমিত্র দা'র আশীর্বাদ হিসেবে বাংলাদেশে নিয়ে যাচ্ছি।

একই অনুষ্ঠানে কলকাতার অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত, সাংবাদিক ড. সোমা এ চ্যার্টাজি এবং চলচ্চিত্র প্রতিষ্ঠান ভেঙ্কাটেশ মুভিজও অন্য বিভাগের অ্যাওয়ার্ড গ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.