Sylhet Today 24 PRINT

ব্যতিক্রমী শশী

বিনোদন ডেস্ক |  ২৭ জুন, ২০১৫


লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে ২০০৩ সালে মিডিয়াতে আসার পর থেকে টানা কাজ করে যাচ্ছেন শশী। খণ্ড ও ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন এমনকি চলচ্চিত্রের মতো বড় মাধ্যমেও অভিনয় করেছেন তিনি।

মিডিয়ায় অনেক শিল্পীই আছেন থেমে থেমে কাজ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম শশী। ক্যারিয়ারের শুরু থেকে নিয়মিত পর্দায় উপস্থিতি রয়েছে তার। বিরতিহীন কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। বিচিত্র সব চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে স্থান নিয়ে আজ শশী স্বমহিমায় উজ্জ্বল।

এ মুহূর্তে টিভি পর্দার কাজ নিয়ে বেশি ব্যস্ত এ পর্দাকন্যা। চলতি মাসেই শেষ করেছেন হিমাদ্রি হিমুর পরিচালনায় ‘আবর্তন’, জুয়েলের ‘কিস্তিমাত’, চৈতি আহমেদের ‘প্রিয় সর্বনাশ’ ও জুয়েলের ‘এ জার্নি বাই পাস্ট’ খণ্ড নাটকের কাজ। এদিকে একাধিক ধারাবাহিকে অভিনয় করছেন শশী। এগুলো হলো- নরেশ ভূঁইয়ার ‘রেগে গেলেন তো হেরে গেলেন’, গোলাম সোহরাব দোদুলের ‘পাল্টা হাওয়া’, মুহম্মদ আশিকুর রহমানের ‘আকাশ চুরি’ ও জামাল মল্লিকের ‘স্বপ্ন’ ও সালাহ উদ্দিন লাভলুর পরিচালনায় ‘খড়কুটো’।

নিজের ব্যস্ততা প্রসঙ্গে শশী বলেন, এখন তো ঈদের কাজ নিয়েই বেশি ব্যস্ততা যাচ্ছে। আর ধারাবাহিকের কাজেও সময় দিতে হচ্ছে। একাধিক নাটক হাতে রয়েছে। যে কারণে বিশ্রাম নেয়ার সুযোগ নেই এ মুহূর্তে। চলতি মাসেই ঈদের আরও দুটি নাটকে অভিনয়ের কথা রয়েছে। জানি না শেষ করবো কিভাবে।

নাটকের মতো চলচ্চিত্রেও শশী দারুণ সূচনা ঘটিয়েছিলেন। জহির রাহয়ানের উপন্যাস অবলম্বনে কোহিনূর আকতার সুচন্দার পরিচালনায় ‘হাজার বছর ধরে’ ছবিতে দুর্দান্ত নৈপূণ্য দেখিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এই ধারাবাহিকতায় তিনি অভিনয় করেন খিজির হায়াত খানের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’-এ।

তবে এরপর আর নতুন কোন ছবিতে অভিনয় করেননি শশী। চলচ্চিত্রে আর কবে দেখা যাবে এমন প্রশ্নে তিনি বলেন, ভাল চিত্রনাট্য ও চরিত্রের অপেক্ষায় আছি। যে কোন সময়ই আসতে পারি। নিজের পছন্দমতো গল্প ও চরিত্র পেলে অবশ্যই বড় পর্দায় আবার কাজ শুরু করবো। এটা যেকোন ধারার ছবি হতে পারে। তবে বাণিজ্যিক ধারার ছবির প্রতি আগ্রহ বেশি। সমসাময়িক অভিনেত্রীদের অনেকেই বিয়ে করে সংসারী হলেও শশী এখনও পা বাড়ান নি সে পথে।

তাই তার কাছে প্রশ্ন ছিল বিয়ে করছেন কবে? উত্তরে শশী বলেন, এখনও বলতে পারছি না। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবতে পারছি না। কাজের যে চাপ তাতে অন্য কিছু নিয়ে ভাবার সময়ই তো পাই না। তবে বাসা থেকে সবাই চান আমি যেন এখনই বিয়ে করি। তাই পাত্র খুঁজে বের করার কাজটি তাদেরই দিয়েছি। অপেক্ষা করুন দাওয়াত পেয়ে যাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.