Sylhet Today 24 PRINT

ফের হাসপাতালে দিলীপ কুমার

বিনোদন ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৮

অসুস্থ হয়ে ফের হাসপাতালে ভর্তি হয়েছেন দিলীপ কুমার। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে বুধবার (৫ সেপ্টেম্বর) ভর্তি করা হয় বর্ষীয়ান এই অভিনেতাকে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, বেশ কিছুদিন ধরেই অসুস্থ বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

বুকে সংক্রমণ নিয়ে বুধবার তাকে মুম্বাইয়ের ওই হাসপাতালে ভর্তি করা হয়। দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট থেকে বুধবার এই খবর জানান ফয়জল ফারুকী। জানা গেছে, দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্টটি মূলত ফয়জল ফারুকী পরিচালনা করেন। তিনিই এই অভিনেতার অসুস্থ হওয়ার খবর প্রকাশ্যে আনেন।

ফয়জল ফারুকী লিখেন, বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে দিলীপ কুমারকে। বর্ষীয়ান অভিনেতার সুস্থতার জন্য সবার প্রার্থনা কাম্য।

এর আগে গত বছর আচমকাই অসুস্থ হয়ে পড়েন এই বলিউড অভিনেতা। প্রায় এক সপ্তাহ হাসপাতালে রেখে তার চিকিৎসা হয়। সেই সময় দিলীপ কুমারকে দেখতে তার বাড়িতে ছুটে যান শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া’সহ বলিউডের অনেক তারকা।

১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে শেষবারের মতো দেখা যায় কিংবদন্তি এ অভিনেতাকে। এছাড়া ‘দেবদাস’, ‘মুঘল-ই-আজম’ ও ‘কর্মা’র মতো দর্শকপ্রিয় ছবিগুলোতে অভিনয় করেছেন। ১৯৯৪ সালে দিলীপ কুমারকে ভারতের ‘দাদাসাহেব ফালকে’ ও ২০১৫ সালে ‘পদ্মভূষণ’ পুরস্কারে ভূষিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.