Sylhet Today 24 PRINT

হোটেলকক্ষ থেকে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক |  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

ভারতের একটি হোটেলকক্ষ থেকে পায়েল চক্রবর্তী নামের এক টিভি অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে ভারতের শিলিগুড়ির এয়ারভিউ মোড়ের চার্চ রোডের কাছে একটি হোটেলে ঘটনাটি ঘটেছে।

কলকাতার টিভি চ্যানেল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চোখের তারা তুই’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন পায়েল।

মঙ্গলবার রাতে ওই হোটেলের ১৩ নম্বর কক্ষে ওঠেন পায়েল। পরদিন বুধবার সকালে গ্যাংটকে যাওয়ার কথা ছিল। সে জন্য হোটেলের কর্মীদের সকাল সাতটায় ডেকে দিতে বলেছিলেন তিনি। বুধবার সকাল থেকে ডাকাডাকি করে তাঁর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। বেলা ১১টার দিকে উদ্বিগ্ন হোটেলকর্মীরা থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে পায়েলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, গভীর রাত পর্যন্ত ফোনে চিৎকার করে কথা বলতে শোনা গেছে পায়েলকে। হোটেলের বাইরে থেকেও তাঁর চিৎকার শুনেছেন অনেকে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা এখনো নিশ্চিত করে বলেনি পুলিশ। তবে লাশ উদ্ধার হলেও পায়েলের ব্যবহৃত মুঠোফোনটি এখনো পাওয়া যায়নি।
সূত্র: আনন্দবাজার

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.