Sylhet Today 24 PRINT

বিসর্জনের দিনে সিলেটে আসছে \'দেবী\'

নিজস্ব প্রতিবেদক |  ১৭ অক্টোবর, ২০১৮

চলছে হিন্দুধর্মের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী শুক্রবার (১৯ অক্টোবর) বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। আর এই দিনই সারা দেশের সাথে সিলেটেও মুক্তি পাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ও প্রযোজিত চলচ্চিত্র ‘দেবী’।

নগরীর তালতলা এলাকার নন্দিতা সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই চলচ্চিত্রটি। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মিসির আলী সিরিজের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘দেবী’।

‘দেবী’ সিনেমায় মিসির আলি চরিত্রে চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান, নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ, সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে।

নন্দিতা সিনেমা হল সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর থেকে প্রতিদিন ৪টি করে শো হবে। সকাল সাড়ে ১১টা, দুপুর ৩টা, সন্ধ্যা ৬টা, রাত ৯টায় দর্শনার্থীরা দেখতে পারবেন সিনেমাটি। প্রতিটি শো এর আগেই টিকেট কাউন্টার থেকে টিকেট সংগ্রহের জন্য অনুরোধ করেছে কর্তৃপক্ষ। সর্বনিম্ন ৪০টাকা থেকে ৫০টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ৩ শ্রেনীর টিকেট মূল্য।

সিলেট ছাড়াও সারা দেশের ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), বলাকা, শ্যামলী, মধুমিতা, চিত্রামহল, পুনম, সেনা (সাভার), পূর্বাশা (সান্তাহার), গ্যারিসন (কুমিল্লা),নিউ মেট্রো ( নারায়ণগঞ্জ), চম্পাকলি (টঙ্গী), বর্ষা (জয়দেবপুর), আলমাস ( চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), শংখ (খুলনা), মর্ডান (দিনাজপুর), শাপলা (রংপুর), রূপকথা (পাবনা), মানসী (কিশোরগঞ্জ), সোনিয়া (বগুড়া), মম ইন (বগুড়া), ছায়াবানী (ময়মনসিংহ), হীরামন (নেত্রকোনা), সত্যবতী (শেরপুর) সিনেমা হলে দেখানো হবে ছবিটি।

এছাড়া আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ছবিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.