Sylhet Today 24 PRINT

আইডি হ্যাকড, জিডি করেছেন কনকচাঁপা

বিনোদন ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৮

কণ্ঠশিল্পী কনক চাঁপার ফেসবুক আইডি ও ফ্যান পেজ হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে রাজধানীর পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হয়ে সিরাজগঞ্জ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কনকচাঁপার জিডি প্রসঙ্গে পল্টন থানার উপ পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ জসিম বলেন, আমরা তাঁর অভিযোগ পেয়েছি, তদন্ত করছি। এখনো তেমন কোনো অগ্রগতি নেই।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার অপরাধ ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি। মৌখিকভাবে সমস্যার কথা জানানো হয়েছে। আমরা বেশ গুরুত্ব দিয়ে সমস্যাটি সমাধানের চেষ্টা করছি। আশা করছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমরা তাঁর আইডিটি উদ্ধার করতে পারব।’

শিল্পী কনকচাঁপার ফেসবুক প্রোফাইলে তাঁর নামের পাশে ‘দিস প্রোফাইল ইজ লকড’ দেখা যাচ্ছে। আইডি বেহাত হওয়ায় শঙ্কায় আছেন শিল্পী কনকচাঁপা। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, ২৯ নভেম্বর রাত আনুমানিক ৯ টায় অজ্ঞাত ব্যক্তির দ্বারা তাঁর আইডিটি হ্যাক হয়। আইডি ফেরত দেওয়ার জন্য মেসেঞ্জারে অর্থ দাবি করেছে ওই হ্যাকার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.