Sylhet Today 24 PRINT

পুনর্নির্মিত হচ্ছে জনপ্রিয় ৫ সিনেমা

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০১৯

বাংলাদেশের সুপার হিট সিনেমাগুলোর মধ্যে  ‘বেদের মেয়ে জোসনা’, ‘মোল্লাবাড়ির বউ’, ‘মনের মাঝে তুমি’, ‘গাড়িয়াল’ ও ‘নসিমন’ এই পাঁচটি সিনেমা আবারও নতুন করে পর্দায় আনছেন নির্মাতারা। ছবিগুলো পুনর্নির্মাণ করবে ডিজিটাল মাধ্যম বঙ্গবিডি।

গত ১৪ ফেব্রুয়ারি ছবিগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা কথাচিত্রের কাছ থেকে স্বত্ব কিনে নিয়েছে বঙ্গবিডি। পাশাপাশি মূল ছবিগুলোর ডিজিটাল স্বত্বও কিনেছে তারা। দুই পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে।

বঙ্গবিডির পরিচালক মুশফিকুর রহমান বলেন, ‘আমরা অনেক দিন ধরেই ছবিগুলো পুনর্নির্মাণ অর্থাৎ রিমেক করার জন্য স্বত্ব নিতে চেয়েছিলাম। বেশ কয়েকবার মিটিংও করেছি। গত ভালোবাসা দিবসে উভয় পক্ষের মধ্যে চুক্তি হয়েছে।’

জানা যায় সিনেমাগুলোর গল্পের তেমন কোনো পরিবর্তন হবে না। তবে কিছু ফ্যান্টাসি থাকবে। পাশাপাশি পর্দার উপস্থাপনটা হবে ভিন্ন হবে। চিত্রনাট্য তৈরিতে একটি সৃজনশীল দল ইতিমধ্যে কাজ করছে।

বঙ্গবিডির পরিচালক মুশফিকুর রহমান জানান, প্রথমে বেদের মেয়ে জোসনা, এরপর মোল্লাবাড়ির বউ–এর কাজ হবে। পর্যায়ক্রমে বাকিগুলোর কাজ শুরু হবে। এপ্রিল মাসের শেষের দিক থেকে বেদের মেয়ে জোসনা–এর শুটিং শুরু হবে। তবে ছবির পরিচালক, শিল্পী, কলাকুশলীদের নাম এখনো জানানো হয়নি। শিগগিরই সংবাদ সম্মেলন করে সব জানানো হবে। সেখানে মূল ছবির নায়ক-নায়িকা ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষেরও থাকার কথা আছে। আগামী ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি।

আনন্দমেলা কথাচিত্রের দুজন স্বত্বাধিকারীর একজন প্রযোজক মতিউর রহমান পানু বলেন, ‘আমরা ছবিগুলোর সব স্বত্ব বঙ্গবিডির কাছে বিক্রি করে দিয়েছি। এখন তারা রিমেকসহ সবকিছুই করতে পারবে। এসব জনপ্রিয় ছবি আবার নির্মাণ হলে মন্দ হবে না।’

ছবিগুলো পুনর্নির্মাণ করার মধ্য দিয়ে বঙ্গবিডি প্রথমবারের মতো সিনেমা নির্মাণে আসছে। এ ব্যাপারে মুশফিকুর রহমান বলেন, ‘বঙ্গবিডি প্রথমবার সিনেমা তৈরি করবে। সে কথা মাথায় রেখেই এসব জনপ্রিয় সিনেমা রিমেক করতে চাই। কারণ বঙ্গবিডি সব সময়ই জনপ্রিয় সব বিষয় নিয়ে দর্শকদের সামনে আসতে চায়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.