Sylhet Today 24 PRINT

বাহুবলীতে কাজ করতে চান হলিউডের খ্যাতিমান অভিনেতা

বিনোদন ডেস্ক |  ১৩ মার্চ, ২০১৯

‘বাহুবলী’ তেমনই এক উচ্চতায় পৌঁছে দিয়েছে ভারতীয় চলচ্চিত্রকে, যেখানে পৌঁছালে হলিউডের খ্যাতিমান কোনো অভিনেতাও সেই ছবিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন! হলিউড অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন সম্প্রতি সেই ইচ্ছের কথাই প্রকাশ করেছেন। ‘বাহুবলী থ্রি’ ছবিতে কাজ করতে চেয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্যামুয়েল জানিয়েছেন, কাজের সুযোগ পেলে তিনি ভারতে যাবেন। বলিউডের কোনো ছবিতে কাজ করতে চান কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, “বাহুবলী থ্রিতে” কাজ করতে চাই।’ এমন কথা বলে রসিকতা করলেন কি না, সেটাও জানতে চাওয়া হয়েছিল এই অভিনেতার কাছে।

তিনি জানিয়েছেন, তিনি সত্যিই বলিউডের একটি ছবিতে কাজ করতে চান। তিনি বলেন, ‘আমি নাচতে বা গাইতে পারি না বটে, কিন্তু আমি তো বিষয়গুলো নকল করতে পারি।’

রাজামৌলি পরিচালিত ও প্রভাস অভিনীত ‘বাহুবলী’ ছবিটি ভারতের চলচ্চিত্রের ইতিহাসের এক বিরাট মাইলফলক। ছবির সাফল্যের খবর পৌঁছে গেছে সারা বিশ্বে। সে জন্যই হয়তো এ ছবির পরের পর্বে কাজ করার ইচ্ছে পোষণ করেছেন স্যামুয়েল জ্যাকসন। ভারতের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ছবি এটি। সারা বিশ্ব থেকে এ ছবি আয় করে ২ হাজার ৪৬০ কোটি রুপি।

অন্যদিকে স্যামুয়েল অভিনীত ‘অ্যাভেঞ্জার: এন্ড গেম’ মুক্তির এখনো তিন মাস বাকি। এই সিরিজের ভক্তরা অবশ্য স্যামুয়েলকে পেয়ে যাবেন সম্প্রতি মুক্তি পাওয়া ‘ক্যাপ্টেন মার্ভেল’ ছবিতে। ছবিটি নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, ছবিটি বেশ ভালো হয়েছে। উপভোগ করার মতো অনেক উপাদান রয়েছে এতে। আবার কেউ বলছেন, কেবল মার্ভেল স্টুডিওর সুনামের কারণেই ছবিটি চলবে।

রিভিউ লিখতে গিয়ে হিন্দুস্তান টাইমস লিখেছে, ছবিটি দেখতে গিয়ে ‘আয়রন ম্যান টু’র কথা মনে পড়ে যেতে পারে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.