Sylhet Today 24 PRINT

সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনোদন ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০১৯

দেশের বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন।

পরিবারের পক্ষ থেকে তিনি সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন।

সেখান থেকে বের হয়ে তিনি জানান, ‘সুবীর নন্দীর চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি মন দিয়ে সব শুনেছেন। এরপর তিনি সুবীর নন্দীকে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।’

জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশের পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে সুবীর নন্দীর চিকিৎসার ব্যাপারে সবুজসংকেত পাওয়া গেছে। সোমবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে সুবীর নন্দীকে সিঙ্গাপুরে নেওয়ার যাবতীয় প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।

এর আগে সামন্ত লাল সেন জানিয়েছেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। শনিবার সুবীর নন্দীকে এক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

তখন তিনি জানিয়েছেন, সব মিলিয়ে এটা বলতে হয়, তার শারীরিক অবস্থা মোটেও ভালো না। আজ তিনি বলেছেন, ‘সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার সব ধরনের ব্যবস্থা রয়েছে। সবাই তার জন্য দোয়া করেন। আমরা আশা করছি, সবার দোয়ায় তাকে আবার আমরা ফিরে পাব।’

এদিকে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, সুবীর নন্দীর চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুবীর নন্দীর চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের সংগীতশিল্পীরা। প্রধানমন্ত্রীর এই মহানুভবতার জন্য সবাই তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রসঙ্গত, সুবীর নন্দী ১২ এপ্রিল পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। সেখানে একজন চিকিৎসক থাকায় তার পরামর্শে সুবীর নন্দীকে নিয়ে পরিবারের সদস্যরা ঢাকার বিমানবন্দর স্টেশনে নেমে যান। রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন। সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের অসুখে ভুগছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.