Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সালমান খানের টুইট

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। বঙ্গবন্ধু বিপিএলে তার সাথে তোলা একটি ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিতে তাদের সঙ্গে আছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

রোববার (৮ ডিসেম্বর) রাত ১১টা ২৫ মিনিটে টুইটারে তার করা পোস্টে সালমান লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্যাটরিনা ও আমি। এমন চমৎকার একজন নারীর সঙ্গে সাক্ষাৎ করা আনন্দের ও সম্মানের।

বঙ্গবন্ধু বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নামে যেমন হাসিনা, সত্যিই তিনি হাসিনা (সুন্দরী)! তার মন সুন্দর, ব্যবহার সুন্দর, হৃদয় সুন্দর। তার ব্যক্তিত্বে বিমোহিত হয়েছি। তার হাসি সুন্দর, তার চোখ সুন্দর। তিনি বাংলাদেশে সবচেয়ে ভালোবাসার মানুষ। টানা তিনবারের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা তাকে ভালোবাসি।

টুইটারে সালমান তার অ্যাকাউন্টের নাম রেখেছেন ‘চুলবুল পাণ্ডে’। কারণ এই চরিত্রে ‘দাবাং থ্রি’তে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন তিনি। কনসার্টের সবশেষে ছবিটির ট্রেলার দেখানো হয়েছে স্টেডিয়ামের দর্শকদের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জমকালো আয়োজনে অংশ নিতে রোববার সকালে ঢাকায় আসেন সালমান ও ক্যাটরিনা। এ নিয়ে দ্বিতীয়বার ঢাকায় এলেন তারা। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে তারা দু’জনে একসঙ্গে পারফরমেন্স করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.