Sylhet Today 24 PRINT

১৮ প্রেক্ষাগৃহে চলছে ‘ন ডরাই’

বিনোদন ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০১৯

২৯ নভেম্বর মুক্তি পাওয়া ‘ন ডরাই’ চলচ্চিত্র শুরুতে  মুক্তি পায় ৮টি প্রেক্ষাগৃহে। চতুর্থ সপ্তাহে এসে এখন সিনেমাটি দেখানো হচ্ছে ১৮ প্রেক্ষাগৃহে। নির্মাতা তানিম রহমান অংশু বিষয়টিকে দেখছেন বিজয় হিসেবে।

কক্সবাজার সমুদ্রে সার্ফিং ক্রেন্দ্রিক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমা নিয়ে শুরু থেকেই চলছে আলোচনা সমালোচনা। আদালত পর্যন্ত স্টার সিনেপ্লেক্স প্রযোজিত এই চলচ্চিত্রটি।

এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ্ বিনতে কামাল ও শরিফুল রাজ।

স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানান, ২০ ডিসেম্বর থেকে দেশের ১৮টি প্রেক্ষাগৃহে ছবিটি চলার বিষয় চূড়ান্ত হয়েছে। এরমধ্যে রয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স (পান্থপথ, ধানমণ্ডি ও মহাখালী), ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী (শ্যামলী) ও বলাকা (নিউমার্কেট)।

ঢাকার বাইরে ছবিটি দেখা যাবে সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, আলমাস, সিনেমা প্যালেস, পটিয়ার ছন্দ সিনেমা, কক্সবাজারের বিজিবি অডিটোরিয়াম, সিলেটের নন্দিতা, ময়মনসিংহের ছায়াবাণী, খুলনার লিবার্টি, বরিশালের অভিরুচি, বগুড়ার মম ইন, টাঙ্গাইলের মালঞ্চ, মানিকগঞ্জের নবীন সিনেমা হলে।

ছবিটি প্রসঙ্গে নির্মাতা অংশু বলেছেন, একজন নারী সার্ফারের জীবন থেকে উৎসাহিত হয়ে এ ছবির জন্ম। গল্পটি গড়ে উঠেছে একটি সত্য ঘটনা অবলম্বনে। নারীর এগিয়ে যাওয়ার একটা বার্তাও থাকবে এতে। সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ করেছি কক্সবাজারে। এতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ব্যবহার করেছি বেশি। কারণ, গল্পটা ওই অঞ্চলের। তবে তা সবাই যেন বুঝতে পারেন, সেভাবেই ব্যবহার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.