Sylhet Today 24 PRINT

সংগীত পরিচালক বাসুদেব ঘোষ আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ৩০ ডিসেম্বর, ২০১৯

সংগীত পরিচালক বাসুদেব ঘোষ আর নেই। রোববার রাতে রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।

সংগীত পরিচালক অমিত কর বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সন্ধ্যার পর দাদার (বাসুদেব) বেশ শ্বাসকষ্ট হচ্ছিল। অস্বাভাবিক অসুস্থতাবোধ করতে থাকেন। এরপর তাকে রাজধানীর মগবাজারের আবির জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর দেখে সেখান থেকে বারডেম হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত আনুমানিক ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অমিত আরও জানান, রাতেই বাসুদেব ঘোষের মরদেহ তার জন্মস্থান চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগো পাড়ায় নিয়ে যাওয়া হবে। সেখানেই হবে তার শেষকৃত্য। এর আগে শেষ বিদায়ের জন্য নেয়া হবে তার মগবাজারের বাসায়।

বাসুদেব ঘোষের সুর-সংগীত শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘তোমার ওই মনটাকে একটা ধুলোমাখা পথ করে দাও’, ‘তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও’, ‘আমি খুঁজে বেড়াই আমার মা’, ‘এই করে কেটে গেল ১২টি বছর’, ‘দেহ মাদল’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.