সিলেটটুডে ডেস্ক | ২৮ সেপ্টেম্বর, ২০২৪
আজ সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৮তম জন্মদিন। ছবি: খবরের কাগজ
আজ ২৮ সেপ্টেম্বর, আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৮তম জন্মদিন। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে। এ উপলক্ষে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জায় তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের লক্ষ্যে দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তিনি দেশত্যাগ করে ভারতে চলে যান।
এই প্রেক্ষাপটে বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধবিরোধী, উগ্রবাদী দেশি-বিদেশি চক্রের রক্তপাত-সন্ত্রাস-লুটতরাজের মাধ্যমে দেশ ধ্বংসের তৎপরতার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা বর্তমানে প্রবাসে রয়েছেন। কিন্তু জাতির পিতা এবং বাঙালির স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের লাখো শহিদের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তার আজীবনের সংগ্রাম কখনো বৃথা যাবে না। শেখ হাসিনা এবং তার লাখ লাখ ভক্ত, অনুসারীর সংগ্রাম অব্যাহত আছে। বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা ১৯৭১ এবং ১৯৭৫-সহ অতীতে বারবার হয়েছে; ইতিহাস সাক্ষ্য দেয় সেই দুরভিসন্ধি সফল হয়নি। সব বিভ্রান্তি-মিথ্যাচার-ভীতি-সংবাদমাধ্যমের কণ্ঠরোধ অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে উদ্ভাসিত হবে নতুন প্রজন্ম, শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের সবুজ জমিনে উদিত হবে রক্তলাল সূর্য, লাখো কণ্ঠে আবার গীত হবে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।