Sylhet Today 24 PRINT

টাকা দিবস: ৪ মার্চ বাংলাদেশে ‘টাকা’ পরিচয়ে প্রথম কাগজি নোটের প্রচলন হয়

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০২৬

আজ টাকা দিবস। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রথম টাকার প্রচলন শুরু হয়। এর আগে বাংলাদেশে পাকিস্তানের ব্যাংক নোট রুপি প্রচলিত ছিল।

জানা যায়, ১৯৭২ সালের ৪ মার্চ প্রথম ‘টাকা’ পরিচয়ে দুটি ব্যাংক নোট প্রকাশিত হয়। যার মূল্যমান ছিল ১ ও ১০০ টাকা। এদিনই স্বাধীন বাংলাদেশের মুদ্রার নাম টাকা রাখা হয়।

বাংলাদেশের নিজস্ব মুদ্রা প্রচলনের প্রথম দুটি ব্যাংক নোট ছাপানো হয় ভারতের নাসিক প্রিন্টার্স থেকে।

সে সময়ের ১ টাকার নকশায় বাংলাদেশের মানচিত্রের ছবি ও গণপ্রজাতন্ত্রী ‘বাংলাদেশ’ লেখা এবং অর্থ সচিব কে এ জামান স্বাক্ষরিত ছিল।

অন্যদিকে ১০০ টাকার নকশায় বাংলাদেশের মানচিত্র ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং বাংলাদেশ ব্যাংক উল্লেখ করা হয়।

১০০ টাকার ব্যাংকনোটটি তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এ এন হামিদ উল্ল্যাহ স্বাক্ষরিত ছিল।

বাংলাদেশের প্রথম কাগজি টাকা প্রচলনের ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে ২০২১ সালে প্রথমবারের মতো ৪ মার্চকে ‘টাকা দিবস’ হিসেবে উদযাপন শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.