Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক পরিবার দিবস আজ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ মে, ২০২৬

প্রতীকী ছবি

আজ আন্তর্জাতিক পরিবার দিবস। পরিবারব্যবস্থার গুরুত্ব বজায় রাখা, বন্ধন সুদৃঢ় করা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে দিবসটি পালিত হয়।

১৯৯৩ সালে জাতিসংঘ দিনটি ঘোষণা করলেও ১৯৯৬ সাল থেকে প্রতিবছর এটি বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে।

বাংলাদেশেও সরকারি ও বেসরকারি পর্যায়ে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবারকে সমাজের মৌলিক ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করা এবং পরিবারকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা জোরদার করাই এসব কর্মসূচির মূল উদ্দেশ্য।

সমাজবিজ্ঞানীদের মতে, সুস্থ পরিবারব্যবস্থা রাষ্ট্রের স্থিতিশীলতার অন্যতম ভিত্তি। পরিবার থেকেই শিশুর নৈতিক শিক্ষা, মানবিকতা ও দায়িত্ববোধের বিকাশ ঘটে। তবে প্রযুক্তিনির্ভর ব্যস্ত জীবনে পারস্পরিক যোগাযোগ কমে যাওয়ার পাশাপাশি পারিবারিক সহিংসতা, শিশু নির্যাতন ও প্রবীণদের অবহেলার মতো সমস্যা বাড়ছে। এ বাস্তবতায় পরিবারকে নিরাপদ ও মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার গুরুত্ব বেড়েছে।

দিবসটি উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

জেলা ও উপজেলা পর্যায়েও দিবসটি পালনে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংস্থা সেমিনার, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব আয়োজনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, নারী-পুরুষের সমতা ও প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.