Sylhet Today 24 PRINT

যেভাবে পাওয়া যাবে সংযুক্ত আরব আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুলাই, ২০২৬

প্রতীকী ছবি

বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সব দেশের নাগরিকদের জন্য পাঁচ বছর মেয়াদি ‘মাল্টিপল এন্ট্রি’ ভিজিট ভিসা চালু করেছে দেশটির সরকার।

এই ভিসার সবচেয়ে বড় সুবিধা হলো— দেশটিতে প্রবেশ বা ভ্রমণের জন্য কোনো স্থানীয় স্বাগতিক বা স্পন্সরের আমন্ত্রণের প্রয়োজন হবে না, পর্যটকরা নিজেরাই সরাসরি একাধিকবার দেশটিতে যাতায়াত করতে পারবেন।

দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) এই নতুন ভিসা সুবিধার কথা নিশ্চিত করেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ টুডে।

নতুন এই ভিসার নিয়ম অনুযায়ী, একজন পর্যটক প্রতিবার ভ্রমণের সময় আরব আমিরাতে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন। প্রয়োজনে দেশটিতে থাকা অবস্থাতেই ভিসার মেয়াদ আরও ৯০ দিন বাড়ানোর সুযোগ থাকবে। তবে শর্ত থাকে যে, কোনো পর্যটক এক ক্যালেন্ডার বছরে সব মিলিয়ে মোট ১৮০ দিনের বেশি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করতে পারবেন না।

জিডিআরএফএ-এর তথ্য অনুযায়ী, বিশ্বের যেকোনো দেশের নাগরিক দুবাইসহ সংযুক্ত আরব আমিরাতের এই দীর্ঘমেয়াদি মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন।

পাঁচ বছর মেয়াদি এই মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য আবেদনকারীদের কিছু প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে আবেদনকারীর সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং কমপক্ষে ছয় মাস মেয়াদ রয়েছে এমন বৈধ পাসপোর্টের স্পষ্ট অনুলিপি।

এছাড়া আবেদনের সাথে যুক্ত করতে হবে ব্যাংক হিসাবে ন্যূনতম ৪,০০০ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা থাকার প্রমাণসংবলিত ব্যাংক স্টেটমেন্ট, আরব আমিরাতে অবস্থানের সময়কালীন মেয়াদের একটি বৈধ স্বাস্থ্যবিমার কাগজপত্র এবং যাওয়া ও ফিরে আসার নিশ্চিত বিমান টিকিট।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, নতুন এই যুগান্তকারী উদ্যোগের ফলে বিশ্বজুড়ে পর্যটক ও ব্যবসায়ীদের জন্য সংযুক্ত আরব আমিরাত, বিশেষ করে দুবাইয়ে বারবার যাতায়াত ও ভ্রমণ আগের চেয়ে বহুগুণ সহজ হবে, যা দেশটির পর্যটন ও অর্থনীতিতে আরও গতি সঞ্চার করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.