Sylhet Today 24 PRINT

এবার গাড়িসহ চীনে ‘ফর্মুলা আইইউটি’: নতুন রেস কার ‘ইসরার ১’ নিয়ে লাল-সবুজের বড় স্বপ্ন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০২৬

শ্রেণিকক্ষের বাঁধাধরা পাঠ্যপুস্তক থেকে প্রকৌশলবিদ্যাকে বাস্তবে রূপ দিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে ওড়ানোর স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল ‘ফর্মুলা আইইউটি’র পথচলা। মোটরস্পোর্টের প্রতি অনুরাগ থেকে অল্প কয়েকজন শিক্ষার্থীর হাতে যে উদ্যোগের সূচনা, নানা প্রতিকূলতা সত্ত্বেও তা আজ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তরুণ প্রকৌশলীদের পরিচালিত এক পূর্ণাঙ্গ ও পেশাদার প্রজেক্টে পরিণত হয়েছে।

বাংলাদেশের প্রেক্ষাপটে প্রকৌশল শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতার সুযোগ এখনও সীমিত। আর এখানেই গতি ও মেধার সেতু হিসেবে কাজ করছে আন্তর্জাতিক ‘ফর্মুলা স্টুডেন্ট’ প্রতিযোগিতাগুলো। যেখানে অংশগ্রহণকারী দলগুলোকে শুধু একটি রেসিং কারের নকশা ও ম্যানুফ্যাকচারিং করলেই চলে না; খরচ পরিচালনা, উপাদান নির্বাচন, কঠোর টেস্ট ড্রাইভ এবং পুরো কাজের ব্যবসায়িক সম্ভাবনাও আন্তর্জাতিক বিচারকদের সামনে উপস্থাপন করতে হয়। পাঠ্যপুস্তকের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রকৌশলগত সমস্যায় প্রয়োগের এই সুযোগ শিক্ষার্থীদের এমন দক্ষতায় পরিণত করে, যা প্রাতিষ্ঠানিক ডিগ্রি থেকে পাওয়া অসম্ভব। ‘ফর্মুলা আইইউটি’ মূলত বাংলাদেশে শিক্ষার্থীদের পরিচালিত ব্যবহারিক প্রকৌশল চর্চার এই সংস্কৃতিকেই তরান্বিত করছে।

২০২১ সালের শেষের দিকে আইইউটি অটোমোবাইল সোসাইটির অধীনে হাতে গোনা কজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল দলটি। এরপর কঠোর অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যের স্বাক্ষর রাখে তারা। ২০২২ সালে ‘ফর্মুলা স্টুডেন্ট ইউকে’-এর ফাইনালিস্ট হওয়া, ২০২৩ সালে ‘ফর্মুলা ভারত’-এর স্ট্যাটিক রাউন্ডে তৃতীয় স্থান এবং ২০২৪ সালে ‘ফর্মুলা ইম্পেরিয়াল’-এ সপ্তম স্থান অর্জন করে তারা।

সাফল্যের ধারাবাহিকতায় ২০২৫ সালে প্রথমবারের মতো নিজেদের তৈরি সচল রেস কার নিয়ে চীনে আন্তর্জাতিক ট্র্যাকে পাড়ি জমায় দলটি। সেখানে বিজনেস প্ল্যান প্রেজেন্টেশনে অষ্টম স্থান অর্জনের পাশাপাশি অর্জিত হয় তিনটি টেকনিক্যাল রিকগনিশন স্টিকার এবং প্রতিযোগিতাটির দ্বিতীয় সেরা আন্তর্জাতিক দল হিসেবে মেলে স্বীকৃতি। অতি সম্প্রতি যুক্তরাজ্যের ঐতিহাসিক আটল্যাসিয়ান উইলিয়ামস এফওয়ান টিমের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত ‘ফর্মুলা স্টুডেন্ট ইউকে সিম রেসিং সিরিজ’-এর ফাইনালে প্রথম বাংলাদেশি দল হিসেবে জায়গা করে নিয়ে ইতিহাস গড়ে আইইউটি।

তবে মাইলফলকগুলোর নেপথ্যে রয়েছে তরুণ শিক্ষার্থীদের ত্যাগ ও সংগ্রামের গল্প। একটি বিশ্বমানের রেসিং কার তৈরির পেছনে প্রয়োজন পড়ে লাখ লাখ টাকা। যন্ত্রাংশ সংস্থান, কাঁচামাল এবং কাস্টমাইজড ম্যানুফ্যাকচারিংয়ের এই বিশাল আর্থিক বোঝার সিংহভাগই বহন করে আসছেন শিক্ষার্থীরা নিজেরাই। এর ওপর যুক্ত হয়েছে দেশে রেসিং গ্রেডের স্পেয়ার পার্টসের অপ্রতুলতা এবং প্রয়োজনীয় ল্যাব সুবিধার অভাব। আন্তর্জাতিক দলগুলোর জন্য যেসব প্রযুক্তি হাতের নাগালে, আমাদের তরুণদের তা সংগ্রহ করতে হয় সীমাহীন কাঠখড় পুড়িয়ে।

তবে কোনো বাধাই যে মেধার গতি থামাতে পারে না, তারই প্রমাণ আইইউটির নতুন রেস কার ‘এফআইইউটি ইসরার ১’। গত বছরের চীন সফরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে টানা কয়েক মাসের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় উন্মোচন করা হয়েছে গাড়িটির এই নতুন সংস্করণ। গতি ও ট্র্যাকে গাড়ি নিয়ন্ত্রণে আনতে যুক্ত করা হয়েছে শক্তিশালী ইয়ামাহা ওয়াইজেডএফ-আর৩ (YZF-R3) টুইন-সিলিন্ডার ইঞ্জিন। সাধারণ রোডের ১৫-ইঞ্চির টায়ারের বদলে জায়গা পেয়েছে আন্তর্জাতিক মানের ১০-ইঞ্চি ‘হুসিয়ার’ রেসিং স্লিকস এবং নতুন ডিফারেনশিয়াল সিস্টেম।

চ্যাসিস নতুন করে ডিজাইন করায় গাড়িটির ওজন নেমে এসেছে মাত্র ৪৫.৭ কেজিতে। ফলে গাড়িটির স্টিয়ারিং রেডিয়াস ৭ মিটার থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ৩.৪১ মিটারে—যা তীব্র বাঁকেও গাড়িটিকে দ্রুত এবং সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে।

সব বাধা টপকে টিম ‘ফর্মুলা আইইউটি’ এখন চীনের সিচুয়ান প্রদেশের তিয়ানফু আন্তর্জাতিক সার্কিটে অবস্থান করছে। ৩ থেকে ৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফর্মুলা স্টুডেন্ট চায়না ২০২৬’-এর কম্বাশন ক্যাটাগরিতে বিশ্বজুড়ে আসা ১৩৯টি দলের মুখোমুখি হতে প্রস্তুত লাল-সবুজের এই প্রতিনিধি দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.