Sylhet Today 24 PRINT

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ নভেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর তিনি মারা যান।

মওলানা ভাসানী তার দীর্ঘ কর্মময় জীবনে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সমাজ-রাষ্ট্রে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার সংগ্রাম নিরলসভাবে করে গেছেন। তিনি ছিলেন নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির আন্দোলন-সংগ্রামের অগ্রণী কিংবদন্তি।

১৮৮০ সালে ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্ম মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর। জীবনের প্রায় পুরো সময় কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। এখান থেকেই নেতৃত্ব দিয়েছেন পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের।

তৎকালীন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ভাসানী পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে সবসময় ছিলেন উচ্চকণ্ঠ। মওলানা ভাসানী কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাণীতে রাষ্ট্রপতি বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি এবং মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং কৃষক, শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। তার আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে। আমার দৃঢ়বিশ্বাস, তার জীবনাদর্শ ও কর্ম আমাদের দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সর্বদা অনুপ্রেরণা জোগাবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শে আমাদের জীবন গড়তে হবে। তার আদর্শ আমাদের লালন করতে হবে। তিনি আরও বলেন, ভাসানী ছিলেন ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব।

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, দেশ ও জাতির উন্নয়নে মজলুম জননেতা ও কৃষক-শ্রমিক আন্দোলনের প্রাণপুরুষ ভাসানীর রাজনৈতিক আদর্শ ও তার দর্শন অনুসরণ করা প্রয়োজন। এ সময় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এছাড়াও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা ১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যু দিবসকে জাতীয় দিবস ঘোষণার দাবি জানান।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের আহ্বান জানিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। এ উপলক্ষে এক বিবৃতিতে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মওলানা ভাসানী ছিলেন শুধু বাংলাদেশের নয়, আফ্রো-এশিয়া ও লাতিন আমেরিকার নির্যাতিত, নিপীড়িত, শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি আজীবন মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা, সাম্য, ন্যায়বিচার ও শোষণমুক্ত সমাজ গঠনের সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া। গতকাল এক বিবৃতিতে নেতৃদ্বয় এ আহ্বান জানিয়ে বলেন, গণমানুষের মুক্তি আন্দোলনের মহান নেতা মওলানা ভাসানী বেঁচে থাকবেন অনাদিকাল জুড়ে। এই দেশ ও এই জাতি যত দিন টিকে থাকবে, মওলানা ভাসানীকে কেউ অবহেলা কিংবা অবজ্ঞা করতে পারবে না। তার সংগ্রামী আদর্শের কোনো মৃত্যু নেই। ইতিহাসই তার সঠিক মূল্যায়ন করবে, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই।

দিবসটি যথাযোগ্যভাবে পালনের জন্য বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এ উপলক্ষে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে। দিবসটি উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মরহুমের মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ভাসানী স্মৃতি পরিষদ, ন্যাপ-ভাসানীসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে তার পরিবার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মরহুম ভাসানীর ভক্ত, মুরিদান, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। ভোরে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এ উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমের মাজার প্রাঙ্গণে গতকাল সোমবার থেকে সাত দিনব্যাপী ‘ভাসানী মেলা’ শুরু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.