Sylhet Today 24 PRINT

ছেলের নামে শিল্পার মোবাইল ফোন

সিলেটটুডে ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৫

ছেলের বয়স মাত্র তিন, নাম ভিয়ান। আর সে ছেলের নামেই বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা বাজারে এনেছেন এক মোবাইল ফোন।

বুধবার মুম্বাইয়ে জমকালো এক অনুষ্ঠানে 'ভিয়ান মোবাইল' বাজারে ছাড়ার কথা জানান শিল্পা-রাজ কুন্দ্রা দম্পতি। এ সময় হাজির ছিলেন মালাইকা আরোরা খান, ফারহা খান ও জিতেন্দ্র প্রমুখ।

পাঁচটি মডেলে বাজারে আনা হয়েছে 'ভিয়ান' মোবাইল ফোন। ভারতে ৮৪৯ রুপি থেকে ১২ হাজার ৯৯৯ রুপির মধ্যে পাওয়া যাবে এই ফোনগুলো। স্মার্টফোনের সব রকম সুযোগ-সুবিধে ছাড়াও ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে এই মোবাইল ফোনে।

শিল্পার স্বামী রাজ কুন্দ্রা জানিয়েছেন, 'ভিয়ান শব্দের অর্থ- জীবন ও শক্তি। আমরা আশা করছি, এই ফোনের মাধ্যমে গ্রাহকরা মোবাইল ফোনের সব রকম সুবিধা উপভোগ করতে পারবেন। আমরা সাতটি দেশে একযোগে এই মোবাইল ফোন বাজারে ছেড়েছি। এ ক্ষেত্রে ভারতে আমরাই প্রথম।'

আধুনিক প্রযুক্তির এই মোবাইল ফোন বলিউডের তারকাদের একাংশ ব্যবহার করছেন বলেও জানা গেছে।

সব মিলিয়ে ছেলের নামে ব্যবসায়িক এই পদক্ষেপ সফল হবে বলেই মনে করছেন শিল্পা। তাদের দীর্ঘদিনের স্বপ্নও সত্যি হয়েছে বলে জানিয়েছেন এই নায়িকা। সূত্র: এনডিটিভি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.