Sylhet Today 24 PRINT

টুইটারের বিরুদ্ধে মামলা

ওয়েব ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ করে দিয়ে তাদেরকে শক্তিশালী করার জন্য দায়ী করে সোশ্যাল মিডিয়া টুইটারের বিরুদ্ধে মামলা করেছেন এ জঙ্গি গোষ্ঠীর হামলায় নিহত এক ব্যক্তির স্ত্রী।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা টামারা ফিল্ডস বুধবার ক্যালিফোর্নিয়ার অকল্যান্ডের ফেডারেল কোর্টে এই মামলা করেন।

তার স্বামী লয়েড কার্ল ফিল্ডস গত ৯ নভেম্বর জর্ডানে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে সন্ত্রাসী হামলায় নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছে আইএস।

টামারার অভিযোগ, টুইটার ‘জেনে অথবা ইচ্ছাকৃতভাবে চুপ থেকে’ সন্ত্রাসীদের এই প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দিয়েছে, যাতে তারা নিজেদের বক্তব্য প্রচার, অর্থ সংগ্রহ ও সদস্য সংগ্রহের কাজ করতে পেরেছে।

সান ফ্রান্সিসকোভিত্তিক টুইটার কর্তৃপক্ষ কিছুদিন আগ পর্যন্ত আইএসকে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট চালিয়ে যেতে দিয়েছে বলে অভিযাগ করেন তিনি।

“টুইটার ছাড়া গত কয়েক বছরে আইএসের এত শক্তি সঞ্চয় করে বিশ্বের সবচেয়ে ভীতিকর সন্ত্রাসী গোষ্ঠীতে রূপ নেওয়া সম্ভব হত না,” বলেছেন টামারা।

টুইটার কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

এক বিবৃতিতে ওই অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে টুইটার কর্তৃপক্ষ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.