Sylhet Today 24 PRINT

এবার গেমও খেলা যাবে লিংকডইনে

সিলেটটুডে ডেস্ক : |  ০৪ মে, ২০২৪

লিংকডইন

চাকুরিজীবীদের জন্য জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন খুব জনপ্রিয় একটি প্লাটফর্ম। একে অপরের সঙ্গে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিও পাওয়া যায় সেখানে। ফলে সহজেই পছন্দের চাকরির সন্ধান মিলে থাকে চাকুরি প্রত্যাশীদের। ব্যবহারকারীদের চাকরি খোঁজার পাশাপাশি এবার বিনোদনের সুযোগ দিতে নিজেদের প্ল্যাটফর্মে গেম খেলার সুবিধা চালু করেছে লিংকডইন।

প্রাথমিকভাবে ‘কুইন্স’, ‘ক্রসক্লাইম্ব’ এবং ‘পিনপয়েন্ট’ নামের তিনটি গেম খেলা যাবে লিংকডইনে। এসব গেম খেলে বিনোদনের পাশাপাশি পেশাগত বিভিন্ন দক্ষতা বাড়ানো যাবে। কুইনস নামের গেমটি মূলত সুডোকুভিত্তিক। ক্রসক্লাইম্ব গেমটিতে শব্দ সাজাতে হবে আর পিনপয়েন্ট গেমটিতে বিভিন্ন দক্ষতার প্রমাণ দিতে হবে। গেমগুলো শুধু একাই খেলা যাবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী গেমগুলো খেলার সুযোগ পাবেন।

লিংকডইনের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল রথ গেম খেলার সুযোগ চালুর ঘোষণা দিয়ে জানান, এটা বড় ধরনের ঘোষণা। আমরা লিংকডইনে গেম খেলার সুবিধা যুক্ত করেছি। কুইনস, ক্রসক্লাইম্ব ও পিনপয়েন্ট নামের গেমগুলো খেলার পর কেমন লেগেছে, তা জানাবেন।

বর্তমানে ১০০ কোটির বেশি ব্যবহারকারী একে অপরের সঙ্গে যোগাযোগের পাশাপাশি নতুন চাকরির সন্ধান পেতে লিংকডইন ব্যবহার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.