Sylhet Today 24 PRINT

স্বাধীনতা দিবসে ‘বাংলার জন্য চার লাখ’

নিউজ ডেস্ক  |  ২১ মার্চ, ২০১৫

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৬৫ হাজার বাংলা শব্দ যোগ করে বাংলাদেশ হয়েছিল দ্বিতীয় আর এবার ২৬ মার্চ গুগলে চার লাখ বাংলা শব্দ যোগ করে বাংলাদেশ করতে চায় অনন্য এক রেকর্ড।

শুক্রবার (২০ মার্চ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে লক্ষ্যের কথা তুলে ধরেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাকে সর্বক্ষেত্রে সবার ওপরে রাখতে আমরা একটি রেকর্ড করতে যাচ্ছি স্বাধীনতা দিবসে। দেশ ও দেশের বাইরে সবার অংশগ্রহণে ২৬শে মার্চ গুগল অনুবাদে চার লাখ বাংলা শব্দ যোগ করে আমরা বাংলাকে নিয়ে যাব সবার ওপরে।”

এই র্কমসূচির নাম দেওয়া হয়েছে ‘বাংলার জন্য চার লাখ’।

পলক জানান, এর আগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ৬৫ হাজার বাংলা শব্দ যোগ করা হয়েছিল। শব্দ সংখ্যার হিসাবে বিশ্বে বাংলার অবস্থান সেদিন ছিল দ্বিতীয়। প্রথম স্থানে থাকা স্প্যানিশ ভাষার ৬৮ হাজার শব্দ সেদিন যোগ হয়েছিল গুগল ট্রান্সলেটে। 

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান জানান, http://translate.google.com/community এ ঠিকানায় যে কেউ যে কোনো সময় নতুন শব্দ বা বাক্য যোগ করতে পারেন।

২৬ মার্চের কর্মসূচি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ৫০টির বেশি স্থানে স্বেচ্ছাসেবকরা গুগল অনুবাদে বাংলা শব্দ সংযোজন করবেন। আর দেশের বাইরে অস্ট্রেলিয়া, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বাংলা ভাষার জন্য কাজ করবেন স্বেচ্ছাসেবীরা।

এ অনুষ্ঠানের মূল কেন্দ্র হবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), সেখানে সেদিন উচ্চগতির ইন্টারনেট সুবিধাসহ ১২০টি কম্পিউটার দেওয়া হবে। এতে অংশ নিতে আগ্রহীদের আগে থেকে নিবন্ধন করতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও শহীদ মিনার এলাকায় সেদিন থাকবে উচ্চগতির ওয়াইফাই সেবা। সারাদেশে চার হাজার মানুষ সরাসরি এ আয়োজনে অংশ নেবে বলে প্রতিমন্ত্রী জানান।

পলক বলেন, “ভাষাভাষীর সংখ্যার দিক দিয়ে বাংলা পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা হলেও ইন্টারনেটে বাংলার তথ্য ভাণ্ডার এখনো অতটা সমৃদ্ধ নয়। এজন্য গুগল ডেভেলপার গ্রুপের (জিডিজি বাংলা) সাথে গুগল অনুবাদে বাংলা শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করতে আমরা কাজ করছি। গুগল অনুবাদে বাংলা শব্দ যোগ করে খুব সহজেই ইন্টারনেটে বাংলাকে সমৃদ্ধ করতে পারি।”

তিনি জানান, গুগল অনুবাদ যিনি এক হাজার নতুন শব্দ যোগ করবেন, তাকে গুগল থেকে ইলেকট্রনিক সার্টিফিকেট দেওয়া হবে।

২১ ফেব্রুয়ারি থেকে ১৪ এপ্রিল সময়ে যে সবচেয়ে বেশি বাংলা শব্দ যোগ করতে পারবে গুগল তাকে তিন দিনের শিক্ষাসফরে নিয়ে যাবে সিঙ্গাপুর অফিসে।

অন্যদের মধ্যে বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম ও জিডিজি বাংলার কমিউনিটি ম্যনেজার জাবেদ সুলতান পিয়াস সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.