Sylhet Today 24 PRINT

বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে সুস্থ হওয়ার কথা ভাবছে গুগল

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৬

ওষুধ গিলে নয়, বরং বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে আরোগ্যের কথা ভাবছে গুগল।

ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইনের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে নতুন একটি প্রতিষ্ঠান চালু করতে যাচ্ছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। সোমবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, নতুন এই প্রতিষ্ঠানের কাজ হবে ‘বায়োইলেকট্রনিক মেডিসিন’ উৎপাদন।

গ্যালভানি বায়োইলেকট্রনিকস নামের নতুন এই প্রতিষ্ঠানে আগামী সাত বছরে ৭০ কোটি ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে প্রতিষ্ঠান দুটি। এই প্রকল্পের ৪৫ শতাংশের মালিকানা থাকছে অ্যালফাবেটের জীবনবিজ্ঞান বিভাগের হাতে।
গবেষণার সাম্প্রতিক বিষয় হিসেবে বায়োইলেকট্রনিক মেডিসিন বেশ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে এখন। এই প্রযুক্তিতে শরীরে ক্ষুদ্রাকৃতির যন্ত্রাংশ বসানো হয়, যেটি দিয়ে মানুষের স্নায়ুতন্ত্রে বৈদ্যুতিক সংকেতের প্রবাহের ধারায় পরিবর্তন এনে বাত, হাঁপানিসহ বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়।

আশার কথা হচ্ছে বিদ্যমান চিকিৎসাসেবার তুলনায় এই যন্ত্রগুলোর খরচ কম। অপরদিকে বেশ কার্যকর। গত বছরের আগস্ট মাস থেকে জীবনবিজ্ঞানের জন্য একটি আলাদা বিভাগ খুলেছে গুগল। এর দিন কয়েক পরই ব্যবসায়ের পরিবর্তন এনে অ্যালফাবেট প্রতিষ্ঠা করা হয়। নতুন সেই বিভাগ চালুর সময় গুগলের সহপ্রতিষ্ঠাতা সার্জে ব্রিন এক ব্লগ পোস্টে লিখেছিলেন, ‘তারা নতুন প্রযুক্তিগুলোকে প্রাথমিক ধাপ, গবেষণা এবং উন্নয়ন, থেকে ক্লিনিক্যাল টেস্টিং স্তরে নিয়ে যেতে অন্যান্য জীবনবিজ্ঞান প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করা অব্যাহত রাখবে। এবং আশা করছি রোগ শনাক্তকরণ, দূরীকরণ এবং ব্যবস্থাপনার কাজ সুগম হবে।’

অংশীদারীত্বের ভিত্তিতে গুগলের এটাই প্রথম প্রকল্প নয়। শল্যচিকিৎসায় উন্নত রোবোটিক যন্ত্র তৈরি করতে জনসন অ্যান্ড জনসনের সঙ্গে কাজ করেছে অ্যালফাবেট।
সূত্র: সিএনএন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.