Sylhet Today 24 PRINT

গ্রাহকদের সাথে এসএমএস প্রতারণা : গ্রামীণফোনের ২২ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০১৭

মুঠোফোনে লোভনীয় প্রস্তাবের খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে প্রতারণার অভিযোগে দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের ২২ কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রাম চতুর্থ মহানগর হাকিম হারুন উর রশিদের আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম বারের আইনজীবী এডভোকেট এস এইচ এম হাবিবুর রহমান আজাদ।

অভিযুক্ত ২২ জনের মধ্যে আছেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি (৫৫), প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও পরিচালক শরীফ আহমেদ (৫০), টেকনিক্যাল বিভাগের স্পেশালিস্ট আহমেদ মঞ্জুর উদ দৌলা (৫২), অর্থ তহবিলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মো. শাহেদ (৫০), ট্রাস্টি বোর্ডের সদস্য মাইনুর রহমান ভুঁইয়া (৪৮), মঈনুল কাদের (৪৫), মঞ্জুর উদ দৌহা (৪৭) ও হেড অব এক্সটারনাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল (৪২)।

অভিযুক্তদের বিরুদ্ধে ‍বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৬৬(২)/৭৪ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

বাদির আইনজীবী এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, আদালত মামলাটি গ্রহণ করে এজহার হিসেবে রেকর্ড করার জন্য নগরীর ইপিজেড থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.