Sylhet Today 24 PRINT

২৪ ঘণ্টার মধ্যে সিটিসেল চালুর নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৭

বন্ধ থাকা মোবাইল অপারেটর কোম্পানি সিটিসেল আগামী ২৪ ঘণ্টার মধ্যে চালু করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। বিটিআরসি কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে সিটিসেলের লাইসেন্স পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। বিটিআরসির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, কামরুল হক সিদ্দিকী ও খন্দকার রেজা-ই রাকিব।

এর আগে, সোমবার (২৪ জুলাই) নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির কমিশন বৈঠকে সিটিসেলের লাইসেন্স বাতিল চূড়ান্ত করা হয়

০১৬ সালের ৩ নভেম্বর ১০০ কোটি টাকা পরিশোধের শর্তে মোবাইল অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ অবিলম্বে খুলে দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। ২০১৭ সালের ১৯ নভেম্বরের মধ্যে এই ১০০ কোটি পরিশোধ করতে বলা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করে সিটিসেল কর্তৃপক্ষ। কিন্তু বকেয়া টাকা পরিশোধ করা হয়নি এই অভিযোগে গত ২১ অক্টোবর সিটিসেলের কার্যক্রম (স্পেকট্রাম বা তরঙ্গ) স্থগিত করে দেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

পরে বিটিআরসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে সিটিসেল। তার পরিপ্রেক্ষিতে আজকের এই আদেশ দেন আপিল বিভাগ। এবং আদালত অবমাননার বিষয় আদেশের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করা হয়।

এই কোম্পানির ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ারের মালিক বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের প্যাসিফিক মোটরস লিমিটেড।

সিঙ্গাপুরের সিংটেলের হাতে আছে ৪৫ শতাংশ শেয়ার। এছাড়া ফার ইস্ট টেলিকম লিমিটেড ১৭ দশমিক ৫১ শতাংশ শেয়ারের মালিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.