সিলেটটুডে ডেস্ক | ১৩ সেপ্টেম্বর, ২০১৭
চতুর্থ প্রজন্মের (ফোরজি) টেলিযোগাযোগে সেবায় লাইসেন্স ও তরঙ্গ নিলাম নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম মঙ্গলবার বলেন, “ফোরজি লাইসেন্স ও তরঙ্গ নিলাম নীতিমালায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
“আমরা সর্বশেষ যেভাবে প্রস্তাব পাঠিয়েছিলাম সেভাবেই তা অ্যাপ্রুভ হয়েছে। সে রকম কোনো পরিবর্তন করা হয়নি। পরবর্তী প্রক্রিয়া শুরু করতে এটি আমরা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিতে পাঠিয়ে দিয়েছি।”
এ বছরের মধ্যে ফোরজি সেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “অপারেটররা দীর্ঘদিন ধরে প্রযুক্তি নিরপেক্ষতার দাবি করে আসছিল। প্রযুক্তি নিরপেক্ষতাসহ তরঙ্গ নিলামের পর অপারেটররা তরঙ্গ নিলে সেবার মান উন্নত হবে।”
ফোরজি লাইসেন্স খসড়া নীতিমালা প্রস্তুত করে গত মে মাসে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠায় বিটিআরসি।
প্রায় দুই বছর ধরে ঝুলে থাকা বাড়তি টু জি ও থ্রি জি তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দে গত ১১ জুলাই খসড়া নীতিমালা প্রকাশ করেছিল ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।