Sylhet Today 24 PRINT

ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইন

দেবজ্যোতি চৌধুরী |  ০১ ডিসেম্বর, ২০১৭

গ্রাফিক্স ডিজাইন এসময়ে জনপ্রিয় ও আলোচিত এক পেশা। কাজটি একই সাথে যেমন আনন্দদায়ক ঠিক তেমনি সৃজনশীলও বটে। আপনার মাঝে যদি সৃজনশীলতা থাকে আর আপনি যদি স্বাধীনভাবে কাজ করতে চান তাহলে ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারেন আপনার ক্যারিয়ার।

বিশাল কর্মক্ষেত্র আর তুমুল চাহিদা থাকার কারণে একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের গ্রহণযোগ্যতা আজকাল খুবই বেশি। গ্রাফিক্স ডিজাইনে আউটসোর্সিং বা প্রোডাক্ট বেইজড কাজ করতে হলে আপনাকে আন্তর্জাতিক মানের গ্রাফিক্স এর কাজ শিখতে হবে। নিজেকে আন্তর্জাতিক মানের ডিজাইনার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ, জানতে হবে নিত্যনতুন কলাকৌশল।

গ্রাফিক্স ডিজাইন কী
সহজ কথায় বললে গ্রাফিক্স ডিজাইন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যে কোন তথ্য শৈল্পিক উপায়ে উপস্থাপন করা হয়। একজন ডিজাইনার তার কাজের মাধ্যমে খুব সহজেই সহজ সরল ব্যবহারকারির মধ্যে প্রভাব ফেলতে পারেন এবং সংক্ষিপ্ত ও নান্দনিক উপায়ে তথ্য পৌঁছে দিতে পারেন।

গ্রাফিক্স ডিজাইনার হতে কী করতে হবে
গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য আপনাকে গ্র্যাজুয়েট হওয়ার বাধ্যবাধকতা নেই, তবে ইংরেজিতে মোটামুটি দক্ষতা থাকলে অনেক ভালো করার সম্ভাবনা থাকে।

অনলাইনে ঘাটাঘাটি কিংবা বিদেশি বায়ারের সাথে যোগাযোগের জন্য ইংরেজি জানা পূর্বশর্ত।

এছাড়া কম্পিউটার অপারেট করা জানতে হবে অর্থাৎ বেসিক কম্পিউটিং সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। ডিজাইনের কাজের জন্য প্রয়োজন ইমেজ এডিটিং সফটওয়্যার যেমন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রভৃতি। যদি আপনি সৃজনশীল হয়ে থাকেন অর্থাৎ আপনার যদি আঁকাআঁকি করতে ভালো লাগে তাহলে সেটা অবশ্যই এ ধরনের কর্মক্ষেত্রে দারুণ কিছু।

কর্মক্ষেত্র কী
গ্রাফিক্স ডিজাইনারদের কাজের ক্ষেত্র বিস্তৃত। যে কোন পণ্য বা সার্ভিসের প্রচারণার জন্য দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় ডিজাইনের বিকল্প নেই। অনলাইন মার্কেটপ্লেসগুলোতে মোটামুটি গ্রাফিক্সের সবধরনের কাজ পাওয়া যায়। তবে বিশেষভাবে যে কাজগুলোর চাহিদা অনেক বেশি, তার মধ্যে রয়েছে:

  • লোগো ডিজাইন
  • ভিজিটিং কার্ড, এনভেলপ, প্যাড ডিজাইন
  • ওয়েবসাইট টেম্পলেট ডিজাইন
  • ওয়েব ব্যানার ডিজাইন
  • মোবাইল অ্যাপ/ইউ আই ডিজাইন
  • বুক কভার ডিজাইন
  • টি-শার্ট, পোস্ট কার্ড ডিজাইন
  • বিজ্ঞাপন, ব্রুশিয়ার ডিজাইন
  • ব্রুশিয়ার ডিজাইন ইত্যাদি

কাজ কোথায় পাবো

  • ফ্রিল্যান্স / অনলাইন  মার্কেটপ্লেস  
  • আইটি প্রতিষ্ঠান
  • বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান
  • পত্রিকা/ম্যাগাজিন/প্রকাশনা প্রতিষ্ঠান
  • প্রিন্টিং এবং ডিজাইনিং প্রতিষ্ঠান ইত্যাদি।

কী বিষয়ে যত্নবান হতে হবে

  • অবশ্যই ভালো জায়গা থেকে ভালভাবে কাজ শিখতে হবে
  • প্রতিষ্ঠিত ডিজাইনারদের কাজ অনুসরণ করতে হবে
  • নিজে থেকে কিছু করার চেষ্টা করতে হবে
  • নিজেকে আপ-টু-ডেট রাখতে হবে
  • কাজের পোর্টফলিও তৈরি করে রাখা
  • মার্কেটিং

পরিশেষে বলা যায় বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন সত্যিই একটি জনপ্রিয় ও আনন্দদায়ক পেশা। যার মাধ্যমে আপনি দেশে বিদেশে গড়ে তুলতে পারেন আপনার নিশ্চিত ক্যারিয়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.