Sylhet Today 24 PRINT

যাত্রা শুরু করলো শেখ হাসিনা সফটওয়ার প্রযুক্তি পার্ক

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৭

যশোরে যাত্রা শুরু করলো সদ্য নির্মিত 'শেখ হাসিনা সফটওয়ার প্রযুক্তি' পার্ক। রোববার (১০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পার্কটির উদ্বোধন করেন।

প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব জাহাঙ্গীর আলম জানান, এই পার্কের মুল ভবনে প্রায় ৫৫টি কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে জাপানের দুটি রয়েছে। কোম্পানি চালু করতে বিনামুল্যে তরুণদের বরাদ্দ দেওয়া হয়েছে। ৩০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ পার্কে প্রায় ১২ হাজার তরুণের কর্মসংস্থান সৃষ্টি হবে।

তিনি জানান, খুলনা বিভাগের দশটি জেলাকে টার্গেট করে যশোরে এই সফটওয়ার প্রযুক্তি পার্কটি স্থাপন করা হয়েছে। এখানে দেশি ও বিদেশি আইটি শিল্প প্রতিষ্ঠান এই পার্কে বিনিয়োগ করতে পারবে। এতে সফটওয়ার উন্নয়ন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, কলসেন্টার, গবেষণা এবং উন্নয়ন কাজ করা যাবে।

প্রকল্পের সার্ভে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রধানমন্ত্রী এর আগে ২০১০ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উদ্বোধনের সময় যশোরে আন্তর্জাতিক মানের একটি আইটি পার্ক স্থাপনের ঘোষণা দিয়েছিলেন। তার ঘোষণার আলোকে ২০১৩ সালের ফেব্রুয়ারি শহরের শংকরপুর এলাকায় বেপজায় আইটি পার্কের নির্মাণ কাজ শুরু হয়। পার্কে ১৫তলা এমটিবি ভবন, ১২তলা বিশিষ্ট ফাইভ স্টার মানের ডরমোটরি ভবন, রাষ্ট্র পরিচালিত আর্ট কনভেনশন সেন্টার এবং আন্ডারগ্রাউন্ড পার্কসহ সব প্রকার আধুনিক সুবিধাসম্বলিত প্রায় ২ দশমিক ৩২ লাখ বর্গফুট স্পেস রয়েছে।

সূত্র: সমকাল

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.