Sylhet Today 24 PRINT

বাংলাদেশে চালু হলো ফেসবুকের মাধ্যমে রক্তদান প্রক্রিয়া

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৮

এখন থেকে বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে রক্তদান করা যাবে। রক্তদানের জন্য সবার সুবিধার কথা ভেবে এ ধরনের নতুন সুবিধা চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমটি।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা এ নতুন সেবা নিতে পারবেন। যেকোনো স্মার্ট ফোন ও ডেস্কটপ এ ফিচারটি ব্যবহার করা যাবে।

এর আগে গেলো বছরের অক্টোবরে ভারতে ফেসবুক এই রক্তদান সেবা চালু করেছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভারতে ফেসবুকে ব্লাড ডোনেশন ফিচার চালু করার পর এর মাধ্যমে অনলাইনে সবচেয়ে বেশি পরিমাণ মানুষ রক্ত দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন।

তখন 'ফেসবুক এট গুড’ এর ভাইস প্রেসিডেন্ট নাওমি গ্লেইট এক ব্লগ পোস্টে জানিয়েছিলেন, ভারতের মতো বাংলাদেশেও আমরা এই ফিচারটি সম্প্রসারণ করবো, যেখানে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ ব্লাড ডোনার খোঁজার জন্য পোস্ট দেয়।

‘হেলথ অ্যাট ফেসবুক’ এর প্রোডাক্ট ম্যানেজার হেমা বুদারাজু জানান, রক্তদানের প্রক্রিয়া সহজ করতেই বাংলাদেশে এই সেবা চালু করা হচ্ছে। বাংলাদেশ এ ক্ষেত্রে দ্বিতীয় দেশ। বাংলাদেশে রক্তদাতার স্বল্পতা আছে। এ বিষয়ে সচেতনতারও অভাব আছে। ফেসবুকের এই সেবা মানুষকে সচেতন করার পাশাপাশি রক্ত পাবার বিষয়টি সহজ করবে।

facebook.com/donateblood-এ ভিজিট করে রক্তদাতা হিসেবে যেকোনো ফেসবুক ব্যবহারকারী সাইনআপ করতে পারবেন। আর যার রক্তের প্রয়োজন, তিনি জানতে পারবেন তার আশপাশে কোন গ্রুপের রক্তদাতা কে আছেন।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট 'টেকক্রাঞ্চ' জানায়, ভারতে রক্তদানে ইচ্ছুক ফেসবুক ব্যবহারকারীদের নিজের স্বাস্থ্যের বিস্তারিত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। অবশ্য সেই তথ্য ফেসবুক গোপন রাখে। একমাত্র ব্যবহারকারী চাইলেই সে তথ্য তার টাইমলাইনে যাবে। এছাড়া বেসরকারি ব্লাড ব্যাংক এবং হাসপাতালগুলোর রক্তের আবেদন সংক্রান্ত  পোস্টও রক্তদাতা দেখতে পাবেন।

এর মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের রক্তদানের আবেদন জানানো হয়ে থাকে। এভাবে কোনও ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের রক্তের প্রয়োজন হলে রেজিস্টার্ড ইউজারের কাছে নোটিফিকেশন এসে পৌঁছাবে। যিনি আবেদন করেছেন, তার সঙ্গে যোগাযোগ করতে হবে ফেসবুক ব্যবহারকারীকে। ব্যবহারকারী না চাইলে আবেদনকারী তার তথ্য কোনোভাবেই দেখতে পাবেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.