Sylhet Today 24 PRINT

ভিসা কার্ড থেকে টাকা আনা যাবে বিকাশে

সিলেটটুডে ডেস্ক |  ২৩ মার্চ, ২০২০

যেকোন ভিসা কার্ড থেকে এখন কোনধরনের চার্জ ছাড়াই বিকাশ ওয়ালেটে টাকা আনা যাবে। বিকাশ-এর অ্যাড মানি সেবায় দেশের লাখ লাখ গ্রাহক বাংলাদেশের যে কোন ব্যাংকের ইস্যুকৃত ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড থেকে বিকাশ ওয়ালেটে টাকা আনতে পারবেন। এ সেবায় প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

বিকাশ ওয়ালেটে টাকা আনতে বিকাশ অ্যাপের অ্যাড মানি অপশন থেকে কার্ড টু বিকাশ এবং ভিসা নির্বাচন করে, ভিসা কার্ডের তথ্য সংযুক্ত করে, টাকার পরিমাণ, ওয়ানটাইম পাসওয়ার্ড (ওটিপি) ও বিকাশ পিন দিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং তাৎক্ষণিক ভাবেই টাকা বিকাশ ওয়ালেটে চলে আসবে।

পরবর্তীতে সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে ভিসা কার্ড থেকে টাকা আনার সুবিধার্থে গ্রাহক চাইলে একটি বা একাধিক ভিসা কার্ডের তথ্য বিকাশ অ্যাপে সংরক্ষণ করে রাখতে পারবেন।

ভিসা থেকে বিকাশে টাকা আনার এই অ্যাড মানি সার্ভিস গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করবে এবং একই সঙ্গে বিকাশের মাধ্যমে মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পেমেন্ট, ইউটিলিটি বিল প্রদান, টিকিট কেনা, বীমার কিস্তি পরিশোধ, মানি ট্রান্সফার ইত্যাদির মতো প্রয়োজনীয় সেবার ব্যবহারে আরও স্বাচ্ছন্দ্য এনে দেবে।

ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টিআর রামাচন্দ্র বলেন, বাংলাদেশে আমাদের শক্তিশালী পার্টনারশিপগুলোর মাধ্যমে ডিজিটাল ইকোসিস্টেমের উন্নয়নে কাজ করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন, বিশ্ব ব্যাংক গ্রুপের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং অ্যান্ট ফিনান্সিয়াল এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস দিয়ে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.