Sylhet Today 24 PRINT

মাস্ক না পরলেই অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক |  ২৭ জুলাই, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বাসার বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক এবং দুইজনের বেশি মানুষের সমাগম নিষিদ্ধ করতে যাচ্ছে হংকং।

সোমবার (২৭ জুলাই) হংকং শহরের চিফ সেক্রেটারি ম্যাথু চেয়ুং ঘোষণা দেন, আগামী বুধবার থেকে পাবলিক প্লেসের অন্দরমহলে ও বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক। কেউ মাস্ক না পরলে বা নিয়ম না মানলে ৫ হাজার হংকং ডলার (প্রায় ৬৪৫ মার্কিন ডলার বা ৫৪ হাজার ৭০৪ টাকা) জরিমানা করা হবে।

চিকিৎসাসহ জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাসা থেকে বের না হওয়ারও নির্দেশ দেন তিনি।

চেয়ুং আরও ঘোষণা করেন, হংকং বিমানবন্দরের কাছে উহানের মতো করে ২ হাজার শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল তৈরি করতে চীনের কেন্দ্রীয় সরকার সাহায্য করবে।

বিজ্ঞাপন

'এই মহামারির অবস্থা ভয়াবহ,' বলেন তিনি, এ শহরের জন্য আগামী কয়েকটি সপ্তাহ চূড়ান্ত রকমের গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 'কমিউনিটি আউটব্রেকের এক মারাত্মক ঝুঁকির মুখোমুখি হতে যাচ্ছি আমরা।'

করোনাভাইরাসের 'তৃতীয় প্রবাহে' হংকং রীতিমতো ধুঁকছে। তবে এর উৎস এখনো জানা যায়নি। এর আগে, ভাইরাসটি সংক্রমণের ধাক্কা বেশ ভালোভাবেই সামলিয়েছিল হংকং।

অবশ্য, সোমবার হংকং কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে টানা ষষ্ঠদিনের মতো দিনপ্রতি শতাধিক নাগরিকের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে শহরে ২ হাজার ৭০০ জনের শরীরে শনাক্ত হলো এ ভাইরাস।

গত দুইদিনে ভাইরাসটিতে ৭৬ বছর বয়সী এক নারী ও ৯২ বছর বয়সের এক পুরুষের মৃত্যু ঘটে। এ নিয়ে এ শহরে করোনাভাইরাসে প্রাণ হারালেন ২০ জন।

সূত্র: সিএনএন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.