Sylhet Today 24 PRINT

ট্রাম্পের কাছে পাঠানো হলো বিষভর্তি প্যাকেট

আন্তর্জাতিক ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে পাঠানো একটি চিঠিতে রাইসিন নামক এক মারাত্মক বিষাক্ত পদার্থ মেশানো পাওয়া গেছে।

তবে হোয়াইট হাউজে পৌঁছানোর আগেই সেই চিঠি জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে বিবিসি।

হোয়াইট হাউজের ঠিকানায় পাঠানো যে কোনো চিঠি সেখানে পৌঁছে দেয়ার আগেই পরীক্ষা নিরীক্ষার একটি আলাদা কার্যালয় রয়েছে। আর সেখানেই বিষয়টি ধরা পড়ে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

খামের ভেতরে চিঠিতে যে রাইসিন বিষ পাওয়া গেছে তা ক্যাস্টর অয়েল তৈরি হয় যে বীজ থেকে, সেই একই বীজ থেকে তৈরি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, এই বিষ এতটাই মারাত্মক যে মাত্র কয়েক ফোটা লবণ দানার পরিমাণ একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে।

রাইসিন কোনোভাবে খেয়ে ফেললে, নিশ্বাসের সাথে অথবা ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মাথা ঘোরা, বমি শুরু হয়। এরপর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হতে থাকে। কতটুকু পরিমাণ রাইসিন শরীরে প্রবেশ করেছে তার উপর নির্ভর করে ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে মৃত্যু ঘটে।

রাইসিনের বিষক্রিয়া প্রতিরোধে কোনো প্রতিষেধক নেই। ল্যাব পরীক্ষাতেও রাইসিনের উপস্থিতি শনাক্ত হয়েছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.