Sylhet Today 24 PRINT

চিকিৎসা দিয়ে নোবেলের ঘোষণা শুরু হচ্ছে আজ

আন্তর্জাতিক ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০২০

চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হচ্ছে আজ সোমবার থেকে। সুইডেনের রাজধানী স্টকহোমে আজ বাংলাদেশ সময় সাড়ে ৩টায় ঘোষণা করা হবে চিকিৎসাশাস্ত্রে নোবেলজয়ীর নাম। আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য, শুক্রবার শান্তি ও পরের সোমবার অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। এর মধ্যে শুধু শান্তির নোবেল পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে।

সুইডেন ও নরওয়েজিয়ান নোবেল কমিটির দেওয়া বিষয়ভিত্তিক এই পুরস্কার বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হচ্ছে এক শ বছরের বেশি সময় ধরে। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। এই পুরস্কারের জনক বিশ্বখ্যাত বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তাঁর উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা উল্লেখ থাকলেও অর্থনীতিতে পুরস্কার দেওয়ার কথা তিনি বলে যাননি। ১৯৬৮ সালে ‘দ্য ব্যাংক অব সুইডেনের’ এক বিশেষ সিদ্ধান্তে অর্থনীতিতে পুরস্কার প্রদানের কথা ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

গত ২৪ সেপ্টেম্বর নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন এক ঘোষণায় জানান, চলতি বছর থেকে নোবেল পুরস্কারের প্রাইজমানির পরিমাণ এক মিলিয়ন সুইডিশ ক্রোনার বাড়ানো হয়েছে। এই ঘোষণার ফলে নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনারে ফিরে এলো।

প্রথা অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার, একটি মানপত্র ও একটি স্বর্ণপদক প্রদানের কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে এ বছর সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এ বছর স্টকহোমের কনসার্ট হলে আসবেন না কোনো নোবেলজয়ী। সুইডেনের রাজা কার্ল গুস্তভ কারো গলায় পরাবেন না নোবেল পুরস্কারের সোনালি পদক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.