সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ২৪ অক্টোবর, ২০১৫
সৌদি আরব চলমান অর্থনৈতিক নীতি অব্যাহত রাখলে আগামী পাঁচ বছরের মধ্যে দেউলিয়া হয়ে যেতে পারে। আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ এ আশংকা ব্যক্ত করেছে।
ইএমএফ’এর আঞ্চলিক অর্থনৈতিক প্রতিবেদন আউটলুকে এ আশংকা প্রকাশ করা হয়। এতে বলা হয়, চলতি বছর সৌদি আরবের বাজেট ঘাটতি ২১.৬ শতাংশ এবং আগামী বছর ১৯.৪ শতাংশ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ অবস্থায় দেশটির ব্যয় সমন্বয় করতে হবে বলে আইএমএফ বলছে। আউটলুকে সৌদি আরবের নীতির বিষয়ে বলা হয়েছে, দেশটি আঞ্চলিক সংঘর্ষ উস্কে দিচ্ছে এবং এ জাতীয় সংঘর্ষকে আরো গভীর করেছে। এ ছাড়া জ্বালানি তেলের দাম কমা অব্যাহত রয়েছে। অবস্থায় মধ্য পর্যায়ে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা বিশেষ ভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে। দুবাই এ প্রতিবেদন প্রকাশ করে এ কথা বলেন আইএমএফ’এর মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগের পরিচালক মাসুদ আহমেদ।
অনেক গবেষকই ধারণ করছেন, জ্বালানি তেলের বর্তমান মূল্য অদূর ভবিষ্যতে বজায় থাকবে। ফলে চলতি বছরেই তেল রফতানিকারক দেশগুলো আয় ৩৬০ বিলিয়ন ডলার সম পরিমাণ কমবে বলে জানান মাসুদ আহমেদ।
২০০৯ সালের পর চলতি বছরই প্রথম বাজেট ঘাটতির মুখ পড়েছে সৌদি আরব।জ্বালানি তেল বিক্রি থেকে দেশটির ৮০ শতাংশ রাজস্বই আসে । জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটির বিদেশি সম্পদের পরিমাণ প্রায় ৮২ বিলিয়ন ডলার কমেছে। রেডিও তেহরান