Sylhet Today 24 PRINT

নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলা, নিহত ৪২

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৪ অক্টোবর, ২০১৫

সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োলা এবং মাইদুগুরি শহরের মসজিদে দুটি পৃথক বোমা হামলার ঘটনায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। ওই হামলায় আহত হয়েছে আরো শতাধিক মানুষ।

ইয়োলা শহরের চালু হওয়া নতুন মসজিদে একটি বোমা হামলা চালানো হলে ২৭ জনের মৃত্যু হয়। এর আগে রাজধানী মাইদুগুরিতে এক আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত হন।

কারা এই বোমা হামলা দুটি চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে অঞ্চলটিতে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী প্রায়ই হামলা চালিয়ে থাকে।

গোষ্ঠীটি খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের, যারা তাদের আদর্শ সমর্থন করে না, তাদের লক্ষ করে হামলা চালিয়ে থাকে।

শুক্রবার ফজরের নামাজের জন্য মানুষেরা মসজিদে আসার পর প্রথম বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছেন।

ইয়োলা শহরের জিমেতা এলাকায় নতুন একটি মসজিদে জুমার নামাজে আসা মুসল্লিদের লক্ষ করে দ্বিতীয় বোমা হামলাটি চালানো হয়।

সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলে বোকো হারাম জঙ্গিদের হামলা ও সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হরিয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এ বছর হাজার হাজার মানুষ বোকো হারামের বিভিন্ন হামলায় নিহত হয়েছে। এছাড়া বাস্তুহারা হয়েছে আরো কয়েক লাখ মানুষ। এর আগে গত সপ্তাহে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরের কাছে অবস্থিত একটি মসজিদে দুটি আত্মঘাতী হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বহু মানুষ। মাগরিবের নামাজের সময় নামাজরত মুসল্লিদের ওপর ওই হামলা চালানো হয়েছিল।

এছাড়া দেশটিতে এবছরের জুলাইয়ে পৃথক তিনটি আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। একটি হামলা চালানো হয়েছিল উত্তরাঞ্চলীয় গোম্বী শহরের একটি মসজিদকে লক্ষ্য করে। ওই হামলায় কমপক্ষে ৩৭ জন প্রাণ হারিয়েছিল।

এছাড়া ২০১৪ সালের মে মাসে কানো শহরের প্রধান মসজিদে হামলার ঘটনায় প্রায় ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিল। শুক্রবার জুম্মার নামায আদায়কারী মুসলিমদের ওপর ওই নৃশংস হামলা চালানো হয়েছিল।

নাইজেরিয়া এবং চাদে প্রায়ই মসজিদে নামাযরত মুসল্লিদের ওপরএ ধরনের হামলা চালিয়ে থাকে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.