সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ২৫ অক্টোবর, ২০১৫
মুসলিমদের কাছে হারাম আল-শরিফ এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত আল আকসা মসজিদ নিয়ে সমঝোতায় রাজি হয়েছে জর্দান। এ পবিত্র ধর্মীয় স্থাপনা মধ্যপ্রাচ্যের প্রাচীন নগরী জেরুজালেমে অবস্থিত।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
জেরুজালেমের আল আকসা মসজিদকে ঘিরেই সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। এ সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ৫৩ জন ফিলিস্তিনি এবং আটজন ইসরায়েলি নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্য সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী কেরি শনিবার আম্মানে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস এবং জর্দানের বাদশাহ আবদুল্লাহ’র সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ এবং ডোম অব দা রকে বর্তমান আইন বলবৎ রাখার প্রতিশ্রুতি পুনব্যক্ত করেছে ইসরায়েল। ইসরায়েল আইনটি পরিবর্তন করতে চায় এমন একটি গুজবের প্রেক্ষিতে সম্প্রতি ওই অঞ্চলে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
কেরি আরো বলেন, জেরুজালেমের আল আকসা মসজিদে ২৪ ঘণ্টা নজরদারির বিষয়ে ইসরায়েল ও জর্দান একমত হয়েছে। এসময় তিনি মধ্যপ্রাচ্যে নেতাদের উদ্দেশ্য করে বলেন,‘সব ধরনের সহিংসতা বন্ধ করতে নেতাদের এগিয়ে আসা উচিত।
প্রসঙ্গত, মুসলিমদের কাছে হারাম আল-শরিফ এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত আল আকসা মসজিদটির আনুষ্ঠানিক তত্ত্বাবধায়ক জর্দান।