সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ২৬ অক্টোবর, ২০১৫
ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে পাকিস্তানে ৩০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ক্রমে বাড়ছে নিহতের সংখ্যা।
পাকিস্তানের কাল্লার কাহারে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আর বাজাউর ট্রাইবাল রিজিওনে আরো ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোয়াত এলাকায় শিশুসহ মারা গেছে ৬ জন। তাছাড়া আরো কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইসলামগড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চিত্রালে মৃতের সংখ্যা ৫।
সোমবার (২৬ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টা ৯ মিনিটে আফগানিস্তানের উত্তরাঞ্চলের ফয়জাবাদ শহর থেকে ৭৩ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ২১৩ কিলোমিটার গভীরে। এটি প্রায় ৪০ সেকেন্ড স্থায়ী ছিল।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানায়, এছাড়া, ভূমিকম্পে দেশটিজুড়ে আহত হয়েছে তিন শতাধিক লোক। হতাহতের ঘটনা ঘটেছে ছাদ ও ভবন ধসের কারণে। ভূমিকম্প অনুভূত হওয়ার পর ছাদ থেকে লাফ দিতে গিয়েও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সোয়াত অঞ্চলে।
ভারতীয় ও আফগানিস্তানের সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে কিছু লোক আহত হলেও তৎক্ষণাৎ কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পে পাকিস্তানের মতো ভারত ও আফগানিস্তানেও সড়কের আইল্যান্ডে ফাটল, বিদ্যুৎ ও গাছ উপড়ে যাওয়া এবং দেয়াল ধসের ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পের পর ভারতের কাশ্মীর, পাকিস্তানের লাহোর ও আফগানিস্তানের কাবুল এবং তৎসংলগ্ন এলাকায় মোবাইল-ফোন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায় দিল্লির মেট্রোরেল সার্ভিস। আতঙ্কে কর্মস্থল ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে ভারতের দিল্লিসহ উত্তরাঞ্চলীয় বিভিন্ন শহর, লাহোর, কাবুলসহ বিভিন্ন এলাকার লোকজন। এছাড়া, ভূমিকম্পে ভারতের এনডিটিভির নিউজরুমও কেঁপে ওঠে বলে সে মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করে সংবাদমাধ্যমটি।
ভূমিকম্পের মাত্রা প্রাথমিকভাবে ৭ দশমিক ৭ বলে জানালেও পরে ইউএসজিএসের পক্ষ থেকে বলা হয়, মূলত রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। এছাড়া, এ নিয়ে বিভিন্ন ধরনের খবর দেয় ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের সংবাদমাধ্যমগুলোও।
এর আগে, ২০০৫ সালে পাকিস্তানে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পে প্রায় ৮০ হাজার লোকের মৃত্যু হয়।